বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা রফিকুল আলমকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ভাটারা থানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভাটারা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রফিকুল আলমের বিরুদ্ধে খাগড়াছড়ির বিভিন্ন থানায় হত্যাসহ অন্তত ৪৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। তিনি আত্মগোপনে ছিলেন।
রফিকুল আলম খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সদস্য এবং টানা দুই মেয়াদে পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম এবং সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ভাই।
গ্রেপ্তারকৃত রফিকুল আলম বর্তমানে ভাটারা থানা হেফাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই তাকে খাগড়াছড়িতে নিয়ে যাওয়া হবে।










