Home First Lead হরমুজ প্রণালীতে মার্কিন ‘রিভার্স ব্লকেড’: পিছু হটছে তেলবাহী ট্যাংকার

হরমুজ প্রণালীতে মার্কিন ‘রিভার্স ব্লকেড’: পিছু হটছে তেলবাহী ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে “রিভার্স ব্লকেড” বা উল্টো অবরোধের হুঁশিয়ারি দেওয়ার পর আন্তর্জাতিক তেল বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ (LSEG) এবং শিপিং ট্র্যাকিং সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল থেকেই বেশ কিছু বিশাল তেলের ট্যাংকার তাদের গতিপথ পরিবর্তন করতে শুরু করেছে।
লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্যমতে, মাল্টার পতাকাবাহী বিশাল অপরিশোধিত তেলবাহী জাহাজ (VLCC) ‘আজিওস ফানুরিওস ১’ গত সকালে হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করলেও পরে তা ঘুরিয়ে নেয়। বর্তমানে জাহাজটি ওমান উপসাগরের কাছে নোঙর করে আছে।
জাহাজটির ইরাকের বসরা থেকে তেল নিয়ে ভিয়েতনামে যাওয়ার কথা ছিল। অন্যদিকে, লাইবেরিয়ার পতাকাবাহী ‘মোম্বাসা বি’ প্রণালী পার হলেও কোনো তেল ছাড়াই বর্তমানে পারস্য উপসাগরে অবস্থান করছে।
তবে এই উত্তেজনার মধ্যেই কিছু জাহাজ তাদের যাত্রা অব্যাহত রেখেছে। পাকিস্তানের পতাকাবাহী ট্যাংকার ‘শালামার’ এবং ‘খাইরপুর’ প্রাথমিক অনিশ্চয়তা কাটিয়ে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের দিকে এগিয়ে যাচ্ছে।
রয়টার্স জানিয়েছে, ‘শালামার’ আমিরাতের দাস আইল্যান্ড থেকে তেল সংগ্রহ করবে এবং ‘খাইরপুর’ কুয়েত থেকে পরিশোধিত তেল বহন করার কথা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার পর এই অবরোধের ঘোষণা দেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার পূর্ব উপকুলীয় সময় সকাল ১০টা থেকে ইরানি বন্দরগামী এবং সেখান থেকে আসা সব ধরণের সামুদ্রিক যান চলাচলে এই অবরোধ কার্যকর হবে। এই ঘোষণার পর অনেক জাহাজকে হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলীয় রুট দিয়ে বেরিয়ে যেতেও দেখা গেছে।

এমন আরও খবর নিয়মিত পেতে businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানান।