বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বেসরকারি ফলাফলে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের কাছ থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই ফলাফল জানা গেছে। প্রাপ্ত হিসাব অনুযায়ী, বাবর তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ২১ হাজার ৪২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
ভোটের পরিসংখ্যান:
লুৎফুজ্জামান বাবর (ধানের শীষ): ১,৬০,৩৫১ ভোট
আল হেলাল তালুকদার (দাঁড়িপাল্লা): ৩৯,৩০৯ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদারকে বড় ব্যবধানে পরাজিত করে লুৎফুজ্জামান বাবর নিজের শক্ত অবস্থান জানান দিলেন। এই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখলেসুর রহমান, সিপিবির জলি তালুকদার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার প্রতিদ্বন্দ্বিতা করেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়া:
বিজয় নিশ্চিত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লুৎফুজ্জামান বাবর বলেন,
“এই বিজয় আমার নয়, বরং নেত্রকোনার আপামর জনগণের বিজয়। এলাকার উন্নয়ন, অবকাঠামো শক্তিশালী করা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আমি আজীবন কাজ করে যাব।”










