Home Third Lead এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা: বছরে সর্বোচ্চ ২ জন ও চাকুরিজীবনে ৩ বার

এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা: বছরে সর্বোচ্চ ২ জন ও চাকুরিজীবনে ৩ বার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষিত বদলি কার্যক্রম সহজতর করতে ‘স্বয়ংক্রিয় সফটওয়্যার’ ভিত্তিক নতুন নীতিমালা ২০২৬ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
নীতিমালার মূল বিষয়সমূহ:
আবেদন যোগ্যতা: চাকুরিতে প্রথম যোগদানের পর ন্যূনতম দুই বছর পূর্ণ হলে শিক্ষক-শিক্ষিকাগণ বদলির আবেদন করতে পারবেন। একবার বদলি হওয়ার পর পরবর্তী বদলির আবেদনের জন্য পুনরায় দুই বছর কর্মস্থলে থাকতে হবে। একজন শিক্ষক চাকুরিজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন।
আবেদন প্রক্রিয়া: সম্পূর্ণ প্রক্রিয়াটি শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একটি স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে সম্পন্ন হবে। আবেদনকারী শিক্ষক নিজ জেলা বা বিভাগে বদলির জন্য অগ্রাধিকার পাবেন। তবে বিশেষ ক্ষেত্রে (স্বামী/স্ত্রীর নিজ জেলা বা ৩.৮(গ) ধারা অনুযায়ী) অন্য জেলায়ও আবেদন করা যাবে। একজন আবেদনকারী সর্বোচ্চ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পছন্দক্রমে রাখতে পারবেন।
অগ্রাধিকার তালিকা: শূন্য পদের বিপরীতে একাধিক আবেদনকারী থাকলে নারী, দূরত্ব, স্বামী/স্ত্রীর কর্মস্থল এবং চাকুরির জ্যেষ্ঠতা অনুযায়ী অগ্রাধিকার নির্ধারণ করা হবে। দূরত্ব পরিমাপের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে।
সীমাবদ্ধতা: একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ ২ জন শিক্ষক বদলির সুযোগ পাবেন। তবে একই বিষয়ে একাধিক শিক্ষককে বদলি করা যাবে না। এছাড়া স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা চলমান থাকলে সংশ্লিষ্ট শিক্ষক বদলির অযোগ্য বলে গণ্য হবেন।
সময়সীমা ও বাস্তবায়ন:
বদলির আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বদলিকৃত শিক্ষককে অবমুক্ত করতে হবে এবং পরবর্তী ১০ দিনের মধ্যে শিক্ষককে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। এই মধ্যবর্তী সময়টি ‘কর্মকাল’ হিসেবে গণ্য হবে। তবে বদলির জন্য কোনো টিএ/ডিএ ভাতা প্রদান করা হবে না।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সফটওয়্যারের মাধ্যমে শূন্য পদের চাহিদা গ্রহণ ও প্রকাশ করবে। এনটিআরসিএ কর্তৃক নতুন নিয়োগ সুপারিশের পূর্বেই এই বদলি কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। বদলিকৃত শিক্ষকদের ইনডেক্স এবং এমপিও সুবিধা ও জ্যেষ্ঠতার ধারাবাহিকতা বজায় থাকবে।
এই নীতিমালা জারির ফলে ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে জারিকৃত আগের বদলি নীতিমালাটি রহিত করা হয়েছে।