Home আন্তর্জাতিক শেখ হাসিনা দেড় বছর ধরে এখানে কি করছেন? তার স্ট্যাটাস কি?

শেখ হাসিনা দেড় বছর ধরে এখানে কি করছেন? তার স্ট্যাটাস কি?

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ অভিষেকের

কৃষ্ণা বসু, কলকাতা:  “শেখ হাসিনা দেড় বছর ধরে এখানে আছেন। কি করছেন? তার স্ট্যাটাস কি?”— শুক্রবার সাংবাদিক সম্মেলন থেকে এভাবেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অনুপ্রবেশ রুখতে কেন্দ্রের ব্যর্থতা এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এদিন বিজেপি সরকারকে কড়া ভাষায় নিশানা করেন তিনি।
অনুপ্রবেশ এবং জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে অভিষেক প্রশ্ন তোলেন, যদি কেন্দ্র অনুপ্রবেশ আটকাতেই চায়, তবে কেন বারংবার জঙ্গি হামলার ঘটনা ঘটছে? কেন্দ্রের সমালোচনা করে তিনি বলেন, “একই ক্যাসেট ১০ বছর ধরে বাজিয়ে আসছে।
অনুপ্রবেশ আটকাতে চাইলে, পহেলগাঁও কার ব্যর্থতায় হল? দেশের রাজধানীতে বিস্ফোরণ হচ্ছে। দিল্লি পুলিশ কার নিয়ন্ত্রণে?” মূলত সীমান্ত নিরাপত্তা এবং অভ্যন্তরীণ সুরক্ষা নিশ্চিত করতে না পারার দায় তিনি কেন্দ্রের কাঁধেই চাপিয়েছেন।
এদিন অভিষেক আরও অভিযোগ করেন যে, বিজেপি বাংলায় ক্ষমতায় আসলে রাজ্যটি দিল্লি বা গুজরাত থেকে ‘রিমোট কন্ট্রোলে’ পরিচালিত হবে। কেন্দ্রের বঞ্চনা নিয়ে সুর চড়িয়ে তিনি বলেন, “২০২৪ সালের ১৪ মার্চ আমি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানতে চেয়েছিলাম কেন্দ্র কত টাকা দিয়েছে। আমি বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করা হোক। আজ অবধি তারা তার কোনো জবাব দেয়নি।”
কেন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা এবং বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা নিয়ে তৃণমূলের দীর্ঘদিনের দাবিকেই এদিন ফের উসকে দেন তিনি।
আগামী দিনে এই ইস্যুতে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও খবরের জন্য ভিজিট করুন businesstoday24.com