বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ময়মনসিংহ: শেরপুরে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে গুরুতর আহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের উপস্থিতিতে ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম মাঠে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠান শুরুর আগে থেকেই জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের সমর্থকেরা মঞ্চের সামনের সারিতে আসন গ্রহণ করেন। পরবর্তীতে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের সমর্থকেরা সেখানে পৌঁছালে বসা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা দেশীয় অস্ত্রসহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
শ্রীবরদী উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আজহারুল ইসলাম অভিযোগ করেন: বিএনপি সমর্থকরা বিলম্বে এসে অতর্কিত হামলা চালায়। জামায়াতের অন্তত ৫০ জন কর্মী আহত হয়েছেন।
গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হলে পথে রেজাউল করিমের মৃত্যু হয়।
পুলিশের বক্তব্য
শেরপুর জেলা পুলিশ সুপার (এসপি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় রেজাউল করিমকে শেরপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে তার মৃত্যু হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।