বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের ভারত থেকে ফেরত না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ রাখার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত পৌনে ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন তিনি। পোস্টে সারজিস আলম লেখেন, অন্তর্বর্তী সরকার, শহিদ হাদি ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দিবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে। Now or Never. We are in a war।
এর আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে শরিফ ওসমান হাদি মৃত্যুবরণ করেন। তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মৃত্যুর বিষয়টি জানানো হয়। সেখানে লেখা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।
একই সঙ্গে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকেও শরিফ ওসমান হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার মৃত্যু ঘিরে রাজনৈতিক অঙ্গনে শোক ও উত্তেজনা বিরাজ করছে।
শরিফ ওসমান হাদির মৃত্যু এবং এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতার বক্তব্য দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। পরিস্থিতি নিয়ে সরকারের পরবর্তী অবস্থান কী হয়, সে দিকেই এখন দৃষ্টি রাজনৈতিক মহলের।
এ ধরণের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিজিট করুন www.businesstoday24.com










