Home রাজনীতি ঠাকুরগাঁওয়ে সিপিবির বিক্ষোভ: জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি

ঠাকুরগাঁওয়ে সিপিবির বিক্ষোভ: জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি

মো.সোহেল রানা, ঠাকুরগাঁও: মার্কিন সাম্রাজ্যবাদ ও আমেরিকার সঙ্গে সম্পাদিত সকল জনস্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা সিপিবির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌরাস্তায় এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সিপিবি নেতৃবৃন্দ মার্কিন আগ্রাসনের তীব্র সমালোচনা করে বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় বিতর্কিত ও জনস্বার্থবিরোধী সকল চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। জনগণের মতামত উপেক্ষা করে কোনো সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে অসম চুক্তি এদেশের মানুষ মেনে নেবে না।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি নেতা অ্যাডভোকেট আবু সায়েম, চৌধুরী আনোয়ার হোসেন, মর্তুজা আলম এবং রেজওয়ানুল হকসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতীয় স্বার্থ পরিপন্থী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে রাজপথে লড়াই অব্যাহত থাকবে। মিছিল ও সমাবেশে সিপিবির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
দেশের সর্বশেষ সংবাদ পেতে businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন।