Home নির্বাচন হাতপাখা ইসলামের পক্ষের বাক্স: চরমোনাই পীর

হাতপাখা ইসলামের পক্ষের বাক্স: চরমোনাই পীর

বক্তব্য রাখছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
নয়ন দাস, কুড়িগ্রাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স আছে, আর সেই বাক্সের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা।”
বুধবার (২৮ জানুয়ারি) রাতে কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের বিজয়মঞ্চ চত্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি-জামায়াত জোটের সমালোচনা
জনসভায় চরমোনাই পীর বিএনপি ও জামায়াত জোটের তীব্র সমালোচনা করে বলেন, তাদের ইশতেহারে ইসলামের কোনো প্রতিফলন নেই। তিনি বলেন, “জামায়াতের আমির পরিষ্কার জানিয়েছেন তারা বর্তমান প্রচলিত আইনেই দেশ চালাবেন। অথচ এই আইনেই বিগত ৫৪ বছর ধরে হাজার হাজার মা তাদের সন্তান হারিয়েছেন, বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার হয়েছে এবং বিদেশিদের গোলামি করা হয়েছে।”
তিনি আরও দাবি করেন, যারা দেশকে ভালোবাসে এবং ইসলামের মাধ্যমে দেশের প্রকৃত মুক্তি ও কল্যাণ চায়, তাদের একমাত্র ঠিকানা ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যাপক আক্কাছ আলী সরকার। এছাড়াও জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।