Home সারাদেশ ভাইয়ের শোকে ভাইয়ের মৃত্যু: স্তব্ধ সাতক্ষীরা

ভাইয়ের শোকে ভাইয়ের মৃত্যু: স্তব্ধ সাতক্ষীরা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সাতক্ষীরা: একই দিনে, কয়েক ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে চলে গেলেন দুই ভাই। ছোট ভাইয়ের মৃত্যুর খবর সইতে না পেরে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন বড় ভাইও। সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর উত্তরপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভালুকা চাঁদপুর উত্তরপাড়ার মৃত আবুল কাশেমের ছোট ছেলে আব্দুল গফুর (৫০) দীর্ঘ দিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোররাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতালে ছোট ভাইয়ের মৃত্যুর খবর যখন বাড়িতে পৌঁছায়, তখন বড় ভাই আব্দুল করিম (৫২) কান্নায় ভেঙে পড়েন। ছোট ভাইয়ের বিয়োগব্যথা সহ্য করতে না পেরে মুহূর্তের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এলাকায় শোকের মাতম

একই পরিবারে দুই ভাইয়ের এমন আকস্মিক মৃত্যুতে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেছে। পরিবারের সদস্যদের বুকফাটা আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। রোববার বিকেলে পারিবারিক কবরস্থানে দুই ভাইকে পাশাপাশি দাফন করা হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। শোকাতুর পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা নেই।”


businesstoday24.com ফলো করুন এবং আপনার মন্তব্য জানান।