বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ও রাতে তাঁদের দেওয়া পৃথক দুটি পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন।
সারজিস আলমের ‘ভয়ের কারণ’
শনিবার রাত ৮টা ১০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি লেখেন: “যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবেই!”
সরাসরি কোনো স্লোগানের নাম উল্লেখ না করলেও তাঁর এই ‘রহস্যময়’ পোস্টটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নেটিজেনরা।
হাসনাত আব্দুল্লাহর সংক্ষিপ্ত বার্তা
এর আগে, ইফতারের পরপরই সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাত্র দুই শব্দের একটি স্ট্যাটাস দেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন: “ইনকিলাব জিন্দাবাদ।”
হঠাৎ করে বিপ্লব বা পরিবর্তনের এই স্লোগান কেন দিলেন, তা নিয়ে অনুসারীদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। পোস্ট করার অল্প সময়ের মধ্যেই বিপুল প্রতিক্রিয়া ও মন্তব্য জমা পড়ে তাঁর ওয়ালে।
দেশের রাজনৈতিক পরিস্থিতির এই সন্ধিক্ষণে এনসিপির দুই হেভিওয়েট নেতার এমন পোস্টকে কেউ দেখছেন নতুন কোনো বার্তার ইঙ্গিত হিসেবে, আবার কেউ মনে করছেন এটি প্রতিপক্ষের প্রতি প্রচ্ছন্ন হুঁশিয়ারি।
businesstoday24.com-কে ফলো করুন এবং এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানান।