“একটি মহল প্রচার করছে যে, ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধানে ‘বিসমিল্লাহ’ বা রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না—এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা। কেউ এসব বিভ্রান্তিতে কান দেবেন না।”
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটকে কেন্দ্র করে দেশের রাজনীতির পটপরিবর্তনের ডাক দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, “গণভোটের মাধ্যমে দেশের রাজনীতির গতিধারা সম্পূর্ণ বদলে যাবে। একটি আলোকিত ও সমৃদ্ধ দেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করা সময়ের দাবি।”
আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সহস্রাধিক ইমাম ও খতিব অংশ নেন।
গুজব প্রতিরোধের আহ্বান
ধর্ম উপদেষ্টা বর্তমান সময়ে ছড়িয়ে পড়া বিভিন্ন অপপ্রচার সম্পর্কে সতর্ক করে বলেন, “একটি মহল প্রচার করছে যে, ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধানে ‘বিসমিল্লাহ’ বা রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না—এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা। কেউ এসব বিভ্রান্তিতে কান দেবেন না।”
তিনি আরও স্পষ্ট করেন যে, সাধারণ নির্বাচনে নাগরিকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, তবে দেশের মৌলিক সংস্কার ও স্বৈরশাসনের স্থায়ী অবসান নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।
বক্তাদের বিশেষ বার্তা
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, “গণভোটের প্রার্থী আমরা সবাই। এই ভোটের মাধ্যমে জনগণ যে দিকনির্দেশনা দেবে, আগামী সরকারকে সেই পথেই দেশ পরিচালনা করতে হবে। ফ্যাসিবাদ ও নিপীড়নমূলক শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই।”
অন্যদিকে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার কঠোর বার্তা দিয়ে বলেন, “এবারের লড়াইয়ে মাঝামাঝি কোনো অবস্থান নেই। ‘হ্যাঁ’ ভোট মানে জুলাই অভ্যুত্থানের চেতনা, আর ‘না’ ভোট মানে ফ্যাসিবাদ। নীরব থাকা মানেই স্বৈরাচারকে সমর্থন করা।”