Home নির্বাচন সিলেট-৬: লড়াই এখন ‘লাকিম্যান’ এমরান বনাম জামায়াতের সেলিমের

সিলেট-৬: লড়াই এখন ‘লাকিম্যান’ এমরান বনাম জামায়াতের সেলিমের

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেটের রাজনীতিতে এখন সব আলোচনার কেন্দ্রবিন্দু সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন। হেভিওয়েট প্রার্থীদের লড়াই আর অভ্যন্তরীণ সমীকরণে এই আসনটি এখন আক্ষরিক অর্থেই এক ‘চ্যালেঞ্জের রণক্ষেত্র’। একদিকে ধানের শীষের ঐক্যের প্রতীক হয়ে আবির্ভূত হয়েছেন ‘লাকিম্যান’ এমরান আহমদ চৌধুরী, অন্যদিকে জামায়াতের সাংগঠনিক শক্তির পরীক্ষা দিতে মাঠে নেমেছেন ঢাকা উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন।

বিএনপি শিবিরে ঐক্যের চমক: বিএনপির ভেতরে মনোনয়ন লড়াইয়ে সবাইকে টপকে এমরান আহমদ চৌধুরীর টিকিট পাওয়া ছিল বড় চমক। তবে তার চেয়েও বড় চমক দেখা গেছে গত ২১শে জানুয়ারি তারেক রহমানের সিলেট সফরের সময়। দলের সব মনোনয়নপ্রত্যাশীকে নিয়ে সংবাদ সম্মেলনে এক টেবিলে বসার মধ্য দিয়ে বিয়ানীবাজার বিএনপির দীর্ঘদিনের মান-অভিমান ও অভ্যন্তরীণ কোন্দলের অবসান ঘটেছে। ফয়সল আহমদের নির্দেশে এখন পুরো দল এমরানের পক্ষে একাট্টা, যা নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তনের আভাস দিচ্ছে।

জামায়াতের ‘পাখির চোখ’ সিলেট-৬

জামায়াতের জন্য এই আসনটি এখন অস্তিত্বের লড়াই। দলের প্রভাবশালী নেতা মাওলানা হাবিবুর রহমানকে সিলেট-১ আসনে সরিয়ে দিয়ে এখানে সেলিম উদ্দিনকে প্রার্থী করা হয়েছে। সিলেটের ছয়টি আসনের মধ্যে তিনটি ছেড়ে দিলেও এই আসনটি কোনোভাবেই হাতছাড়া করতে চায় না জামায়াত। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে প্রচারণায় নামিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে দলটি।

কথার যুদ্ধ ও শঙ্কা: নির্বাচনী মাঠে ইতোমধ্যেই উত্তাপ ছড়িয়েছে প্রার্থীদের বক্তব্য। সেলিম উদ্দিনের এক জনসভায় দেওয়া বক্তব্য— “নির্বাচিত হলে এসপি-ওসি না জানিয়ে কাউকে গ্রেপ্তার করতে পারবে না”— এখন টক অব দ্য টাউন। এর পাল্টা জবাবে এমরান চৌধুরী ভোটার ও কর্মীদের সতর্ক করে বলেছেন, এটি ভীতি প্রদর্শনের নামান্তর এবং প্রতিপক্ষ জিতলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

ভোটের জটিল সমীকরণ

বিদ্রোহী কাঁটা: জমিয়ত নেতা ফখরুল ইসলাম এখনো মাঠে থাকায় উলামাদের ভোটের একটি অংশ ভাগ হতে পারে, তবে তা মূল ফলে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা।

আওয়ামী লীগ ফ্যাক্টর: এলাকায় আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক এখনো অটুট। জামায়াত এই ভোট টানার চেষ্টা করলেও শিক্ষিত ও সচেতন এই জনপদে তা কতটা সফল হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

বহিরাগত আতঙ্ক: স্থানীয় ভোটারদের মধ্যে হঠাৎ বহিরাগতদের আনাগোনা নিয়ে শঙ্কা বাড়ছে। চোখ রাঙানি আর প্রশাসনিক চাপের আভাস লড়াইকে আরও স্নায়ুযুদ্ধে রূপ দিচ্ছে।

সব মিলিয়ে সিলেট-৬ আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি। বিএনপি ঐক্যবদ্ধ থাকলে পাল্টে যেতে পারে সব হিসাব, তবে জামায়াতের সর্বাত্মক চেষ্টা এই আসনটিকে এক অনিশ্চিত পরিণতির দিকে নিয়ে যাচ্ছে।