বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় কর্মসূচির তালিকায় নাম আগে-পরে রাখাকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল রক্তক্ষয়ী রূপ নিয়েছে। যুবদল কর্মীর ঘুষিতে প্রাণ হারিয়েছেন আজাহার (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আজাহার কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি ওই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শনিবারের একটি দলীয় কর্মসূচি সফল করতে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভায় বসেন নেতাকর্মীরা। সভার একপর্যায়ে কর্মসূচির তালিকায় নাম রাখার ক্রম (সিরিয়াল) নিয়ে কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিবের তপ্ত বাক্যবিনিময় হয়।
কথাকাটাকাটির একপর্যায়ে রাজিবের সহযোগী হাসানসহ বেশ কয়েকজন উত্তেজিত হয়ে স্বেচ্ছাসেবক দল নেতাদের ওপর চড়াও হন। হামলাকারীরা সবুজ, আজাহার, রিপন ও এমরাতকে এলোপাতাড়ি মারধর শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের একপর্যায়ে আজাহারকে লক্ষ্য করে জোরালো ঘুষি মারা হলে তিনি তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজাহারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও অন্তত ৩ জন আহত হয়েছেন।
প্রশাসনের বক্তব্য ও বর্তমান পরিস্থিতি
ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আজাহারের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কাঞ্চন পৌর বিএনপির শীর্ষ নেতারা তার বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান: “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”