Home নির্বাচন রাঙামাটিতে ধানের শীষের অনুকূল হাওয়া: ফ্যাক্টর হতে পারে আঞ্চলিক ভোট

রাঙামাটিতে ধানের শীষের অনুকূল হাওয়া: ফ্যাক্টর হতে পারে আঞ্চলিক ভোট

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাঙামাটি: দেশের বৃহত্তম সংসদীয় আসন ২৯৯ (রাঙামাটি)। ১০টি উপজেলা, ৫০টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত এই জনপদে বইছে নির্বাচনী হাওয়া। তবে এবারের সমীকরণ অন্য সব বারের চেয়ে ভিন্ন। আওয়ামী লীগের অনুপস্থিতি এবং আঞ্চলিক দলগুলোর প্রার্থী না থাকায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ৯২ হাজার ৬৭ জন। এদের মধ্যে পুরুষ: ২ লাখ ৬৩ হাজার ৪১০ জন। নারী: ২ লাখ ৫৮ হাজার ৮৫৫ জন।
জাতিগত বিভাজন: ৫৫ শতাংশ ভোটার পাহাড়ি এবং ৪৫ শতাংশ বাঙালি।
ত্রিমুখী লড়াইয়ের আভাস
বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জোট সমর্থিত প্রার্থী এবং এক স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে। প্রার্থীরা হলেন:
অ্যাডভোকেট দীপেন দেওয়ান (বিএনপি): প্রতীক ধানের শীষ। সাবেক যুগ্ম জজ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। তাঁর বাবা সুবিমল দেওয়ান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা।
আবু বক্কর সিদ্দিক (বাংলাদেশ খেলাফত মজলিস): প্রতীক রিকশা। জামায়াতে ইসলামী সমর্থিত এই প্রার্থী বাঙালি ভোটের একটি বড় অংশের দিকে তাকিয়ে আছেন।
পহেল চাকমা (স্বতন্ত্র): প্রতীক ফুটবল। তরুণ ভোটার ও পাহাড়িদের একাংশের সমর্থন নিয়ে তিনি চমক দেখাতে চান।
এছাড়াও জাতীয় পার্টির অশোক তালুকদার (লাঙ্গল) সহ আরও ৪টি দলের প্রার্থী মাঠে রয়েছেন।
বিএনপির ‘পাথ ক্লিয়ার’ হওয়ার নেপথ্যে
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাঙামাটিতে বরাবরই আওয়ামী লীগ ও আঞ্চলিক দলগুলোর (যেমন জেএসএস) শক্ত অবস্থান থাকে। কিন্তু এবারের নির্বাচনে আওয়ামী লীগ নেই এবং জেএসএস-এর কোনো প্রার্থী না থাকায় পাহাড়ের সিংহভাগ ভোট বিএনপির বাক্সে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দীপেন দেওয়ান পাহাড়ি জনগোষ্ঠীর হওয়ায় এবং তাঁর পারিবারিক ঐতিহ্যের কারণে তিনি উভয় সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন।
প্রার্থীদের অঙ্গীকার
বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান: নির্বাচিত হলে তারেক রহমানের নেতৃত্বে ‘নতুন বাংলাদেশ’ গড়া এবং পর্যটন খাতের উন্নয়নে রোডম্যাপ ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
খেলাফত মজলিসের আবু বক্কর সিদ্দিক: পাহাড়ের স্থায়ী সমস্যা সমাধানসহ শিক্ষা ও স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছেন।
স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা: তরুণদের আবেগকে পুঁজি করে ১২ ফেব্রুয়ারি ‘বিজয়ের খেলা’ খেলার আশা ব্যক্ত করেছেন।
আঞ্চলিক দলগুলোর ভোট যেদিকে যাবে, জয়ের পাল্লা সেদিকেই ভারী হবে। তবে বর্তমান প্রেক্ষাপটে পাহাড় ও সমতলের ভোটের সমন্বয়ে বিএনপিই রাঙামাটি পুনরুদ্ধারের পথে অনেকটা এগিয়ে আছে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।