বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বরিশাল: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে ‘গুপ্ত সংগঠনের’ ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। ৫ই আগস্টের পর স্বৈরাচারের পতন হলেও মানুষকে অপদস্থ করার নোংরা রাজনৈতিক রীতি বন্ধ হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
বুধবার দুপুরে বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘গুপ্ত’ পরিচয়ের সমালোচনা
তারেক রহমান তাঁর বক্তব্যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করে বলেন, “বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। জনগণ তাদের একটি ভিন্ন পরিচয়ে চেনে—তা হলো ‘গুপ্ত’ পরিচয়।”
তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন যে, বাংলাদেশের রাজনীতিতে এই ‘গুপ্ত’ কারা, তা জনগণ চেনে কি না।
দেশের উন্নয়নে নারী সমাজের ভূমিকার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, আবহমানকাল ধরে নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। কৃষিশিল্প থেকে শুরু করে দেশের গর্ব গার্মেন্টস শিল্প টিকিয়ে রাখার পেছনে মা-বোনদের অবদান অনস্বীকার্য।
বিতর্কিত মন্তব্যের নিন্দা: সম্প্রতি এক নেতার বক্তব্যের কড়া সমালোচনা করে তারেক রহমান বলেন, “অত্যন্ত কষ্টের সঙ্গে দেখছি, এই নতুন জালেমদের নেতা দু’দিন আগে প্রকাশ্যে বাংলাদেশের নারীদের নিয়ে অত্যন্ত কলঙ্কিত ও অপমানজনক শব্দ ব্যবহার করেছেন। ৫ই আগস্টের পর আমরা আশা করেছিলাম মানুষকে ছোট করার এই সংস্কৃতি বন্ধ হবে, কিন্তু দুঃখজনকভাবে তা অব্যাহত আছে।”
তিনি আরও বলেন, যে দল বা ব্যক্তি দেশের মা-বোনদের প্রতি ন্যূনতম শ্রদ্ধা পোষণ করে না, তাদের কাছ থেকে বাংলাদেশ কোনো অগ্রগতি বা সম্মানজনক আচরণ আশা করতে পারে না।