বিজনেসটুডে২৪ প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে ১৬ ঘর বিশিষ্ট ৬টি ভোটের জাল সিল। এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে এক প্রিন্টিং ব্যবসায়ী ও লক্ষ্মীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সৌরভ হোসেন শরীফের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
গ্রেপ্তার ও পুলিশি ব্যবস্থা
পুলিশ জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের পুরাতন আদালত সড়কের ‘মারইয়াম প্রিন্টার্স’ থেকে ৬টি জাল সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল জব্দ করা হয়। দোকান মালিক সোহেল রানাকে আটকের পর তার হোয়াটসঅ্যাপের কথোপকথন ও ভয়েস মেসেজ বিশ্লেষণ করে জামায়াত নেতা শরীফের নির্দেশনার প্রমাণ পায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, মঙ্গলবার রাতে এসআই হুমায়ুন কবির বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেপ্তার সোহেলকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ১৬৪ ধারায় তার জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে অভিযুক্ত জামায়াত নেতা শরীফ বর্তমানে পলাতক রয়েছেন।
বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
সিল জব্দের ঘটনায় মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এক সংবাদ সম্মেলনে দাবি করেন, জামায়াত পরিকল্পিতভাবে জাল ভোট প্রদানের উদ্দেশ্যে এই জালিয়াতি করছে। তিনি আটক সোহেলকেও জামায়াত কর্মী হিসেবে অভিহিত করেন।
অন্যদিকে, জামায়াতের প্রার্থী রেজাউল করিম পাল্টা সংবাদ সম্মেলনে জানান, ব্যবসায়ী সোহেল জামায়াতের কেউ নন। তবে ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় অভিযুক্ত নেতা সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া।
মামলার এজাহার যা বলছে
তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন জানান, মামলার এজাহার অনুযায়ী—গত ৩০ জানুয়ারি জামায়াত নেতা শরীফ ওই সিলগুলো তৈরির অর্ডার দেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার অসৎ উদ্দেশ্যেই এই জাল সিলগুলো তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ।