বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে আজ মঙ্গলবার সকালে প্রথিতযশা সাংবাদিক ও দৈনিক দিনকাল পত্রিকার সিটি এডিটর আলী মামুদের (৭০) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১১টায় বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে শৌচাগারের ভেতরেই তাঁর মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মধ্য বাড্ডার শাহবুদ্দিন মোড় এলাকার বাসা থেকে প্রেসক্লাবের উদ্দেশ্যে বের হন আলী মামুদ। বিকেল ৫টা পর্যন্ত সহকর্মীরা তাঁকে প্রেসক্লাব প্রাঙ্গণে দেখলেও রাত ১২টার পর পর্যন্ত তিনি বাসায় না ফেরায় উদ্বেগ তৈরি হয়। তাঁর বড় ছেলে আলী আব্দুল্লাহ তাসভীর জানান, সারারাত বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে পরিবারের সদস্যরা প্রেসক্লাবে গিয়ে পুনরায় খোঁজ শুরু করেন। এক পর্যায়ে প্রেসক্লাবের একটি শৌচাগার ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয়। পিয়ন দরজার নিচ দিয়ে উঁকি দিয়ে একজনকে পড়ে থাকতে দেখেন।
পরে দরজা ভেঙে আলী মামুদকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আলী মামুদের স্ত্রী জেসমিন আরা জানান, ১২ বছর আগে তাঁর স্বামীর ওপেন হার্ট সার্জারি (বাইপাস) হয়েছিল। এর আগেও তিনি দুবার শৌচাগারে পড়ে গিয়ে অসুস্থ হয়েছিলেন, যা নিয়ে তিনি সবসময় শঙ্কিত থাকতেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হাসপাতালে আনার বেশ আগেই তাঁর মৃত্যু হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বর্ণাঢ্য জীবন ও শোক আলী মামুদ সাংবাদিকতা জগতে এক পরিচিত মুখ ছিলেন। তিনি দৈনিক দিনকাল-এর সিটি এডিটর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপির মিডিয়া সেলের সদস্য ছিলেন। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার ভীমের ডাইং গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর দুই ছেলে বিশ্ববিদ্যালয়ে এবং মেয়ে কলেজে পড়াশোনা করছেন।
এই জ্যেষ্ঠ সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।










