Home চট্টগ্রাম রাঙাপানি চা-বাগানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

রাঙাপানি চা-বাগানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

ছবি: এ আই

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ফটিকছড়ি: উপজেলার হারুয়ালছড়ি এলাকার পর্যটন স্পট ‘মিনি কাশ্মীর’ হিসেবে পরিচিত রাঙাপানি চা-বাগানে বেড়াতে গিয়ে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় তাদের সাথে থাকা আরও এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) বিকেলে চা-বাগানের ৪ নম্বর সেকশন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রাউজান উপজেলার নোয়াজিশপুর এলাকার সঞ্জিত দাশের ছেলে সীমান্ত দাশ এবং ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুলাল মল্লিকের ছেলে জয় মল্লিক। এই ঘটনায় আহত মো. জাহেদকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত, জয় ও জাহেদ তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে করে রাঙাপানি চা-বাগান এলাকায় ঘুরতে যান। বিকেলে বাগানের ৪ নম্বর সেকশন সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহীই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সীমান্ত ও জয়কে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত জাহেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এই বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 businesstoday24.com ফলো করুন