Home Third Lead পার্বত্য চুক্তি এখন ‘কাগুজে বাঘ’: চুক্তি বাতিল ও নতুন রূপরেখা প্রণয়নের দাবি

পার্বত্য চুক্তি এখন ‘কাগুজে বাঘ’: চুক্তি বাতিল ও নতুন রূপরেখা প্রণয়নের দাবি

আঞ্চলিক সংলাপ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে ক্ষুদ্র দলীয়, গোষ্ঠীগত ও উপজাতীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদ, গবেষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে ‘কাগজে বাঘ’ আখ্যা দিয়ে এর পুনর্মূল্যায়ন এবং প্রয়োজনে বাতিল করে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও বর্তমান বাস্তবতার আলোকে সব নাগরিকের অংশগ্রহণে নতুন চুক্তির রূপরেখা প্রণয়নের দাবি জানানো হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে সাউদার্ন ইউনিভার্সিটির অডিটোরিয়ামে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওন্যাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি)-এর উদ্যোগে আয়োজিত ‘৩০ বছরে পার্বত্য চুক্তি: বাতিল, পুনর্মূল্যায়ন, নতুন চুক্তি?’ শীর্ষক আঞ্চলিক সংলাপে বক্তারা এসব কথা বলেন।

আগামী ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির ৩০ বছর পূর্ণ হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে আয়োজিত সংলাপে বক্তারা চুক্তির পক্ষগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর জোর দেন। তারা বলেন, শুধু সরকারের ওপর দায়িত্ব চাপিয়ে দিয়ে চুক্তি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুললে সমস্যার সমাধান হবে না। সংলাপে চুক্তি বাস্তবায়নে স্বাধীন মূল্যায়ন কমিশন গঠন, স্থানীয় শাসনকাঠামোর কার্যকরীকরণ, ভূমি বিরোধ নিষ্পত্তি, বহুপক্ষীয় সংলাপ কাঠামো, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা এবং অংশগ্রহণমূলক ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন সুপারিশমালা তুলে ধরা হয়।

সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রধান ও সিসিআরএসবিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মাহফুজ পারভেজ। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিসিআরএসবিডির পরিচালক অধ্যাপক সরওয়ার জাহান ও নাজমুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক হাসিনা জাকারিয়া, এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক এবং গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের দপ্তর সম্পাদক ইমন মোহাম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব বলেন, পার্বত্য চট্টগ্রাম শুধু চাকমা, মারমা বা ত্রিপুরা জনগোষ্ঠীর আবাসভূমি নয়, সেখানে দীর্ঘদিন ধরে বাঙালিরাও বসবাস করছেন। তাই যেকোনো নীতিনির্ধারণী আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে পাহাড়ি-বাঙালি সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, পার্বত্য অঞ্চলে বাঙালিরা মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি হওয়া সত্ত্বেও জেলা পরিষদসহ বিভিন্ন প্রশাসনিক ও প্রতিনিধিত্বমূলক কাঠামোতে তাঁদের ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি। জনসংখ্যার অনুপাত বিবেচনায় বাঙালিদের রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিনিধিত্বের ন্যায্য হিস্যা দেওয়ার দাবি জানান তিনি।

অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব আরও বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরা দেশের অন্যান্য স্থানে জমি কিনতে পারলেও বাঙালিদের পার্বত্য অঞ্চলে জমি কেনার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা জরুরি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বার্থ ও অধিকার সংরক্ষণের পাশাপাশি বাঙালিদের নাগরিক অধিকারও সুরক্ষিত করতে হবে। এসব অসংগতি দূর করা না হলে আগামী ৫০ বছরেও চুক্তির সঠিক বাস্তবায়ন সম্ভব হবে না বলে তিনি মন্তব্য করেন।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে অধ্যাপক ড. মাহফুজ পারভেজ বলেন, দীর্ঘদিন ধরে চুক্তি স্থবির হয়ে থাকলেও একদিকে আঞ্চলিক পরিষদের কার্যক্রম চলছে, অন্যদিকে পাহাড়ে আক্রমণ, বাজার ও ব্যাংক লুট, পর্যটক জিম্মি এবং চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে। এ অবস্থায় চুক্তিকে সফল বলা কঠিন। চুক্তির অন্যতম স্বাক্ষরকারী হিসেবে জনসংহতি সমিতিকেও শুধু সরকারকে দায়ী না করে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে অধ্যাপক ড. মাহফুজ পারভেজ বলেন, রাজনৈতিক সংলাপের মাধ্যমে সংঘাতের কারণগুলো দূর করতে হবে। সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে কোথায় সেনাবাহিনী বা নিরাপত্তা স্থাপনা থাকবে, তা রাষ্ট্রীয় নীতির বিষয়। চুক্তির পর যেসব সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে, সেসব এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও মূল্যায়ন প্রয়োজন। তিনি চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে একটি স্বাধীন মূল্যায়ন কমিশন গঠন এবং বহুপক্ষীয় সংলাপের মাধ্যমে ভূমি বিরোধসহ অন্যান্য সংকট সমাধানের রূপরেখা তৈরির প্রস্তাব দেন।

প্যানেল আলোচনায় অধ্যাপক সরওয়ার জাহান বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় স্বায়ত্তশাসনের সুযোগ বজায় রেখেই রাষ্ট্রের একক কাঠামো, কেন্দ্রীয় প্রশাসনের কর্তৃত্ব এবং নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। তিনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৯৯৮ সংক্রান্ত ২০১০ সালের হাইকোর্টের রায়ের প্রসঙ্গ টেনে সাংবিধানিক বিতর্কের বিষয়টি তুলে ধরেন এবং চুক্তির ৭২টি ধারা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সরকারি ও আঞ্চলিক পক্ষগুলোর মূল্যায়নের পার্থক্যের কথা উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, দীর্ঘ ৩০ বছরে অর্জন ও ব্যর্থতার সব হিসাব করে চুক্তির পুনর্মূল্যায়ন করতে হবে। সংলাপে উপস্থাপিত সুপারিশমালা সরকার গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।