Home আন্তর্জাতিক মালয়েশিয়া প্রত্যাবাসন কর্মসূচি: শীর্ষে বাংলাদেশিরা

মালয়েশিয়া প্রত্যাবাসন কর্মসূচি: শীর্ষে বাংলাদেশিরা

নিবন্ধন ১.৫৫ লাখ ছাড়াল

আনোয়ার আহমেদ, কুয়ালালামপুর: মালয়েশিয়া সরকারের চলমান অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে (Migrant Repatriation Programme) অংশগ্রহণের ক্ষেত্রে অন্য সব দেশের তুলনায় শীর্ষে রয়েছেন বাংলাদেশি নাগরিকরা। অভিবাসন বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ১ লাখ ৫৫ হাজারের বেশি বিদেশি নাগরিক নিবন্ধিত হয়েছেন, যার মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই সবচেয়ে বেশি।

বৃহস্পতিবার রাতে কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে অভিবাসন বিভাগের উপ-পরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তালিকায় বাংলাদেশিদের পরেই রয়েছেন ইন্দোনেশীয় নাগরিকরা।

প্রত্যাবাসন: নিবন্ধিত ১ লাখ ৫৫ হাজার জনের মধ্যে ইতিমধ্যে ১ লাখ ৩৮ হাজারের বেশি অভিবাসী কোনো প্রকার আইনি জটিলতা ছাড়াই সফলভাবে নিজ দেশে ফিরে গেছেন।

রাজস্ব: এই প্রক্রিয়ায় জরিমানা বা ‘কম্পাউন্ড’ বাবদ মালয়েশিয়া সরকারের আয় হয়েছে ৭৭ মিলিয়ন রিঙ্গিত (প্রায় ১৭৫ কোটি টাকা)।

সময়সীমা: এই বিশেষ সুযোগ আগামী ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

এই কর্মসূচির আওতায় অবৈধ অভিবাসীরা নির্দিষ্ট জরিমানা দিয়ে জেল-জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ পাচ্ছেন:

  • অবৈধ প্রবেশ বা অবস্থানের জন্য: ৫০০ রিঙ্গিত জরিমানা।
  • ভিসার মেয়াদ শেষে অবস্থানের (Overstay) জন্য: ৫০০ রিঙ্গিত জরিমানা।
  • পাসের শর্ত লঙ্ঘনের জন্য: ৩০০ রিঙ্গিত জরিমানা।
  • ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো জরিমানা নেই, তবে ২০ রিঙ্গিত ‘স্পেশাল পাস’ ফি দিতে হবে।
শেষ সুযোগের আহ্বান:

দাতুক লোকমান সতর্ক করে দিয়েছেন যে, এপ্রিলের পর এই সুযোগ আর থাকবে না। তিনি বলেন, “মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে অবস্থান করবে, তাদের বিরুদ্ধে কঠোর এনফোর্সমেন্ট অভিযান চালানো হবে।” সাধারণত কর্মসূচির শেষ সময়ে ভিড় বাড়ে, তাই ওভারস্টে বা বৈধ কাগজহীন বাংলাদেশিদের দ্রুত এই সুযোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।