বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: রাজধানী ঢাকা আর বন্দরনগরী চট্টগ্রামের রাজপথে দীর্ঘ দেড় যুগের তপ্ত রোদ আর ঝোড়ো হাওয়া যাঁকে টলাতে পারেনি, সেই নিবেদিতপ্রাণ জননেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী যখন শুক্রবার ৩৯ নং দক্ষিণ হালিশহর এলাকায় যখন পা রাখলেন, তখন চারপাশ যেন এক উৎসবের নগরীতে পরিণত হলো। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই প্রভাবশালী সদস্যের গণসংযোগে এদিন মানুষের ঢল নেমেছিল, যা কেবল একটি রাজনৈতিক প্রচার নয়—বরং দীর্ঘ প্রতীক্ষিত এক জনবিস্ফোরণের প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠেছে।
এক আলোকোজ্জ্বল উপস্থিতি
শুক্রবার ম্লান রোদেও আলাদাভাবে উজ্জ্বল হয়ে ছিলেন আমীর খসরু। তাঁর পরনে ছিল আকাশি রঙের আভিজাত্যমাখা একটি পাঞ্জাবি এবং শুভ্র সাদা পায়জামা। পাঞ্জাবির হাতা ও গলায় নীল কারুকাজের সূক্ষ্ম ছোঁয়া তাঁর রুচিশীল ব্যক্তিত্বের সাক্ষ্য দিচ্ছিল। চেহারায় ক্লান্তিহীন এক স্মিত হাসি নিয়ে তিনি যখন হাত নাড়ছিলেন, তখন রাজপথ ছাপিয়ে দোতলার বারান্দাগুলোও হয়ে উঠেছিল লোকে-লোকারণ্য।
পুষ্পবৃষ্টি ও ধানের শীষের সুবাস
গণসংযোগটি যখন দক্ষিণ হালিশহরের অলিগলি অতিক্রম করছিল, তখন দৃশ্যপটটি ছিল কোনো সাহিত্যিক কাব্যের মতো। ওপর থেকে গৃহবধূ ও শিশুরা তাঁর ওপর পুষ্পবৃষ্টি বর্ষণ করছিল। বৃষ্টির মতো ঝরে পড়া সেই পাপড়ি যেন সাধারণ মানুষের অব্যক্ত ভালোবাসারই বহিঃপ্রকাশ। কর্মীদের হাতে দোদুল্যমান সোনালী ধানের শীষ যেন আগাম বিজয়ের বার্তা নিয়ে বাতাসে দোল খাচ্ছিল। নারী-পুরুষ, তরুণ-তরুণী থেকে শুরু করে বৃদ্ধ—প্রত্যেকেই একনজর দেখার জন্য এবং করমর্দন করার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন।
“তিনি আমাদের সুখ-দুঃখের সাথী, এই দেড় যুগে কত জেল-জুলুম সয়েছেন আমাদের জন্য, আজ আমরা তাঁর পাশে দাঁড়াব না তো কার পাশে দাঁড়াব?”— এমন আবেগঘন কণ্ঠে জনতাকে কথা বলতে শোনা যায়।










