Home আইন-আদালত মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

জামায়াত নেতা মাওলানা হাবীবুর রহমান হেলালী
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন।
আটক হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্বরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মাওলানা হেলালী ব্যক্তিগত গাড়ি নিয়ে উপজেলার ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে গাড়ির পেছনে থাকা একটি বাজারের ব্যাগ থেকে ১ হাজার টাকা নোটের দুটি বান্ডিল (মোট ২ লাখ টাকা) উদ্ধার করা হয়। টাকাগুলো ব্যাগের ভেতরে পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছিল।
খবর পেয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমানের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন।
ইউএনও আব্দুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। যেহেতু তাকে টাকা বিলি করার সময় হাতেনাতে ধরা যায়নি, তাই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ন্যস্ত করা হয়েছে।”