Home নির্বাচন ফেনীতে মঞ্জুর ‘ডিজিটাল ক্যারাভ্যান’: ভোটের প্রচারণায় চমক

ফেনীতে মঞ্জুর ‘ডিজিটাল ক্যারাভ্যান’: ভোটের প্রচারণায় চমক

‘ডিজিটাল প্রচার ক্যারাভ্যান’ উদ্বোধন করেছেন মজিবুর রহমান মঞ্জু। ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ফেনী: ফেনী-২ (সদর) আসনের নির্বাচনী লড়াইয়ে প্রযুক্তির ব্যবহার ও আধুনিকতার ছোঁয়া নিয়ে এলেন ১১ দলীয় জোটের প্রার্থী এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
আজ শনিবার বিকেলে ফেনী শহরের ট্রাংক রোড সংলগ্ন খাজুরিয়া এলাকায় প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে তাঁর উদ্ভাবনী ‘ডিজিটাল প্রচার ক্যারাভ্যান’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু জানান, ভোটারদের দোরগোড়ায় জোটের বার্তা পৌঁছে দিতে এবং প্রচারণাকে আরও প্রাণবন্ত ও তথ্যনির্ভর করতেই এই ডিজিটাল ক্যারাভ্যানের উদ্যোগ।
উদ্বোধনকালে মজিবুর রহমান মঞ্জু বলেন::

“এই ডিজিটাল ক্যারাভ্যান আমাদের নির্বাচনী প্রচারণায় এক নতুন মাত্রা যোগ করবে। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমরা ভোটারদের কাছে জোটের উন্নয়ন পরিকল্পনা ও লক্ষ্যসমূহ পৌঁছে দিতে চাই।”

পরিবেশ নিয়ে শঙ্কা ও প্রশাসনের প্রতি আহ্বান: প্রচারণায় আধুনিকতার ছোঁয়া দিলেও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে নিজের উদ্বেগের কথা জানান এই প্রার্থী। তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য পর্দার আড়ালে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
এই প্রসঙ্গে তিনি স্থানীয় প্রশাসনের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, “আমি প্রশাসনকে অত্যন্ত সজাগ থাকার অনুরোধ করছি। যেকোনো ধরনের অপতৎপরতা বা বিশৃঙ্খলা রুখতে তাদের শক্ত অবস্থান নিতে হবে।”
ডিজিটাল ক্যারাভ্যানটি উদ্বোধনের পর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আধুনিক এই প্রচার কৌশল স্থানীয় ভোটারদের মধ্যে বেশ কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে।