বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ফেনী: ফেনীতে এক বিশাল নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে জেলায় একটি মেডিকেল কলেজ এবং একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপনের ঘোষণা দিয়েছেন। রোববার সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত এই জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তরুণদের কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি তারেক রহমান বলেন, “আমরা যুবকদের শুধু স্বপ্ন দেখাতে চাই না, তাদের দক্ষ হিসেবে গড়ে তুলতে চাই।” তিনি জানান, ফেনীতে ইপিজেড স্থাপিত হলে হাজারো তরুণের কর্মসংস্থান হবে। এছাড়া বিদেশে গমনেচ্ছুদের জন্য একটি কারিগরি ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি, যাতে ভাষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তারা উচ্চ আয়ে অবদান রাখতে পারে।

সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কার্ড জনসাধারণের জীবনমান উন্নয়নে একগুচ্ছ নতুন কর্মসূচির ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। তিনি জানান:
কৃষি কার্ড: যার মাধ্যমে সার ও বীজ সরাসরি কৃষকের হাতে পৌঁছাবে।
ফ্যামিলি কার্ড: সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য।
হেলথ কার্ড: নারীদের বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে।
খাল খনন: বন্যা নিয়ন্ত্রণ ও কৃষির সুবিধার্থে সারা দেশে পুনরায় খাল খনন কর্মসূচি শুরু করা হবে।

রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের ডাক বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান বলেন, “রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলা যায়, কিন্তু তাতে জনগণের লাভ হবে না। জনগণের লাভ তখনই হবে যখন আমরা পরিকল্পিতভাবে খাল খনন, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব।” ৫ আগস্ট পরবর্তী সময়ে মানুষ প্রকৃত পরিবর্তন চায় উল্লেখ করে তিনি দুর্নীতি দমনে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।











