Home আন্তর্জাতিক ন্যাটোর পূর্ণরূপ ভুল লিখে বিদ্রূপের মুখে নিউ ইয়র্ক টাইমস

ন্যাটোর পূর্ণরূপ ভুল লিখে বিদ্রূপের মুখে নিউ ইয়র্ক টাইমস

আন্তর্জাতিক ডেস্ক: ন্যাটোর (NATO) পূর্ণরূপ ভুল লিখে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উপহাসের শিকার হয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। গত শুক্রবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক জোট ত্যাগের হুমকি বিষয়ক একটি প্রতিবেদনে এই ভুল করে সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনটির শিরোনামে ন্যাটোর পূর্ণরূপ ‘নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন’-এর পরিবর্তে ‘নর্থ আমেরিকান ট্রিটি অর্গানাইজেশন’ ছাপা হয়।
ভুলটি প্রথম নজরে আনেন পলিটিকো পত্রিকার সম্পাদক সাশা ইসেনবার্গ। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) নিউ ইয়র্ক টাইমসের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে পোস্ট করেন। মুহূর্তেই সেই পোস্ট কয়েক মিলিয়ন ভিউ পায় এবং নেটিজেনদের মধ্যে হাসির খোরাক জোগায়।
অনেকে এই ভুলকে অপেশাদারিত্বের চূড়ান্ত বলে মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী উপহাস করে লিখেছেন, “শেষ পর্যন্ত আপনারা গুগল করতে শিখলেন?”
ব্যাপক সমালোচনার মুখে নিউ ইয়র্ক টাইমস তাদের ভুল স্বীকার করেছে এবং শনিবারের প্রিন্ট সংস্করণে একটি সংশোধনী দেওয়ার ঘোষণা দিয়েছে। তারা নিশ্চিত করেছে যে জোটের প্রকৃত নাম ‘নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন’।
উল্লেখ্য, ইরানের সাথে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া না দেওয়ায় ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ন্যাটো ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ন্যাটোকে ‘কাগজের বাঘ’ হিসেবে অভিহিত করেন এবং জোটের কার্যকারিতা নিয়ে কড়া সমালোচনা করেন। বিশেষ করে হরমুজ প্রণালীর সংকটে ন্যাটোর ধীর প্রতিক্রিয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি যুক্তরাজ্যের সামরিক সক্ষমতা নিয়েও বিদ্রূপাত্মক মন্তব্য করেন ট্রাম্প।
আরো এমন খবর পেতে businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।