Home Uncategorized পল্লবীতে জামায়াতের ২ এজেন্টকে সশ্রম কারাদণ্ড

পল্লবীতে জামায়াতের ২ এজেন্টকে সশ্রম কারাদণ্ড

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর পল্লবী এলাকায় নির্বাচনী বিধি লঙ্ঘন ও কেন্দ্রে অবৈধ প্রভাব বিস্তারের দায়ে জামায়াতে ইসলামীর দুই পোলিং এজেন্টকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে ঢাকা-১৬ আসনের মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মেহেদি হাসান খাদেম (৩২)রাইহান হোসেন (২৩)। তারা উভয়েই ওই কেন্দ্রে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ মার্কার এজেন্ট হিসেবে নিয়োজিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনের আগের রাতে নিয়ম বহির্ভূতভাবে ওই কেন্দ্রে প্রবেশ করেন মেহেদি ও রাইহান। অভিযোগ রয়েছে, কেন্দ্রের দায়িত্বরত পোলিং অফিসার মোছা. সুমনা ইসলাম (যিনি স্থানীয় ৬নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী) তার প্রভাব খাটিয়ে তাদের অবৈধ প্রবেশের সুযোগ করে দেন।
বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। অপরাধের সত্যতা মেলায় তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী বিচারিক কার্যক্রম পরিচালনা করেন।
আদালতের দণ্ড ও প্রশাসনিক ব্যবস্থা
ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তার রায়ে নিম্নলিখিত নির্দেশ প্রদান করেন:
কারাদণ্ড: অভিযুক্ত দুজনকে ২ বছর করে সশ্রম কারাদণ্ড।
অর্থদণ্ড: ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড।
বিভাগীয় ব্যবস্থা: অনিয়মে সহায়তার অভিযোগে পোলিং অফিসার সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

“কারাদণ্ডপ্রাপ্ত দুজনকে রাতেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।” — এ.কে.এম. আলমগীর জাহান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পল্লবী থানা।

পল্লবী থানা পুলিশ নিশ্চিত করেছে যে, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং যেকোনো ধরনের প্রভাব বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।