আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে প্রথম মার্কিন পোপ লিও চতুর্দশ এবং মার্কিন প্রশাসনের মধ্যে সংঘাতের নতুন ঘটনা প্রকাশ্যে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ফ্রি প্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, পোপের যুদ্ধবিরোধী বক্তব্যের পরপরই মার্কিন প্রতিরক্ষা উপ-সচিব এলব্রিজ কোলবি ভ্যাটিকানের রাষ্ট্রদূত ক্রিস্টোফ পিয়েরকে পেন্টাগনে তলব করে কড়া হুঁশিয়ারি দেন।
প্রতিবেদনে বলা হয়েছে, কোলবি বৈঠকে সরাসরি সতর্ক করে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তি দিয়ে যা ইচ্ছা করার ক্ষমতা রাখে এবং চার্চের উচিত যুক্তরাষ্ট্রের পক্ষ নেওয়া। এমনকি পেন্টাগনের একটি সূত্র এই আলোচনার সময় ‘আভিগন প্যাপাসি’ বা আভিগন পোপতন্ত্রের প্রসঙ্গটি টেনে আনেন।
উল্লেখ্য, চতুর্দশ শতাব্দীতে ফরাসি রাজাদের নিয়ন্ত্রণে পোপের দরবার রোম থেকে ফ্রান্সে সরিয়ে নেওয়ার সময়কালকে আভিগন পোপতন্ত্র বলা হয়, যা মূলত চার্চের ওপর রাজনৈতিক আধিপত্যের প্রতীক।
গত বছর দায়িত্ব নেওয়ার পর থেকেই পোপ লিও চতুর্দশ ট্রাম্প প্রশাসনের ‘মাগা’ (MAGA) নীতির সমালোচনা করে আসছেন। বিশেষ করে ইস্টার উদযাপনের আগে তিনি মন্তব্য করেছিলেন যে, যারা যুদ্ধ করে ঈশ্বর তাদের প্রার্থনা শোনেন না।
চলমান উত্তেজনার মাঝে পোপ তার আসন্ন মার্কিন সফর বাতিল করেছেন এবং যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণও প্রত্যাখ্যান করেছেন। মার্কিন ক্যাথলিক মহল প্রশাসনের এই আচরণকে ‘অযৌক্তিক অহংকার’ হিসেবে বর্ণনা করেছে। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাথলিক ধর্মাবলম্বী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পুরো বিষয়টি খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন।










