Home চট্টগ্রাম দুর্যোগে কেউ অসহায় থাকবে না, ত্রাণ কার্যক্রম পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দুর্যোগে কেউ অসহায় থাকবে না, ত্রাণ কার্যক্রম পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: মহানগরীর বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কোনো পরিবারকে দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক নীতির আলোকে সরকারের সব প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা এখন মাঠে থেকে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন। দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধসহ সব ধরনের জরুরি সহায়তা অব্যাহত রাখা হবে।

রোববার (১২ জুলাই) মহানগরীর চান্দগাঁও সিএন্ডবি, মোহরা ও দক্ষিণ কাট্টলি এলাকার বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজে বাড়ি বাড়ি গিয়ে দুর্গত মানুষের খোঁজখবর নেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি জলাবদ্ধতা ও বন্যাজনিত দুর্ভোগের প্রকৃত চিত্র প্রত্যক্ষ করেন। বিশেষ করে বিশুদ্ধ পানির সংকট, খাদ্য ও জরুরি সেবার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত ও কার্যকর সহযোগিতা নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করবে। জনগণের যেকোনো বিপদে জনপ্রতিনিধিরা সবসময় পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।
পরে প্রতিমন্ত্রী উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে পানিবন্দি পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার, চাল, ডাল, তেল ও বিশুদ্ধ পানিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ, সংসদ সদস্য সাঈদ আল নোমান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।