Home সারাদেশ নাঙ্গলকোটে বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার: জনমনে আতঙ্ক

নাঙ্গলকোটে বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার: জনমনে আতঙ্ক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে একটি মৎস্য খামারের পরিত্যক্ত ভবন থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম ও জিআই পাইপ উদ্ধার করেছে পুলিশ ও যৌথবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পেড়িয়া ইউনিয়নের মগুয়া এলাকায় ‘আল বাশারাত মৎস্য প্রজেক্ট’ থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই ওই মৎস্য প্রজেক্টে কিছু অপরিচিত লোকের আনাগোনা বৃদ্ধি পায়। বুধবার দুপুরে একটি মাইক্রোবাসযোগে কিছু লোক এসে কয়েকটি বস্তায় করে মালামাল সরিয়ে নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। গ্রামবাসী জড়ো হতে থাকলে তারা দ্রুত স্থান ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয়রা পরিত্যক্ত ওই ভবনে গিয়ে বিস্ফোরক সদৃশ সরঞ্জাম দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
মালিকানা ও রাজনৈতিক সম্পৃক্ততা
মৎস্য প্রজেক্টটি ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম মামুনের মালিকানাধীন বলে নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রজেক্টের ম্যানেজার রায়হান রহমান রাজু জানান, গত কয়েকদিন ধরে কিছু লোক সেখানে এসে অবস্থান করলেও কর্মকর্তা-কর্মচারীদের ওই ভবনের ধারেকাছে যেতে দেওয়া হতো না।
পাল্টাপাল্টি বক্তব্য
ঘটনার বিষয়ে জানতে সাইফুল ইসলাম মামুনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয় জামায়াত নেতা মাওলানা নোমান বিষয়টিকে ‘ষড়যন্ত্র’ হিসেবে দাবি করেছেন। তার অভিযোগ, স্থানীয় সাবেক ইউপি সদস্য জাকির হোসেন নির্বাচনকে কেন্দ্র করে মামুনকে ফাঁসানোর চেষ্টা করছেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থল থেকে জিআই পাইপ ও ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করেছে। উদ্ধারকৃত আলামতগুলো বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে এগুলোর ভয়াবহতা কতটুকু। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।