অফিস — চার দেয়ালের মাঝে বন্দি এক যান্ত্রিক জীবন। যেখানে কর্মকর্তা থেকে শুরু করে নিম্নস্তরের কর্মী, সবাই প্রতিদিন ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে নিজের মেধা আর শ্রম ঢেলে দেন। এটি এমন এক কর্মশালা, যেখানে সভ্যতার চাকা অবিরাম ঘোরে। কিন্তু কাজের চাপে পিষ্ট এই দৃশ্যমান কর্মব্যস্ততার আড়ালে, লোকচক্ষুর অন্তরালে চলে আরেকটা অদৃশ্য খেলা। সেটা হলো অফিস রাজনীতি। এই খেলা এতটাই সূক্ষ্ম যে, তা প্রতিষ্ঠানের অস্তিত্বকে ভেতর থেকে ঝাঁজরা করে দিতে পারে।
এখানে অনেক সময় যোগ্যতা নয়, তোয়াজই হয়ে ওঠে সবচেয়ে বড় যোগ্যতা। এই সংস্কৃতি এমন এক মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে, যেখানে যোগ্যরা অন্ধকারে থেকে যান আর অযোগ্যরা লিফট দিয়ে ওপরে উঠে যান। এটি এক ধরনের ‘অদৃশ্য করাপশন’ — যেখানে টাকার বদলে লেনদেন হয় আনুগত্যের।
এই নিয়ে বিশেষ সিরিজে আমরা অফিস রাজনীতির সেই অন্ধকার জগতকে উন্মোচন করার চেষ্টা করব।
প্রথম পর্বে আমরা দেখব, কীভাবে বড় বাবুদের ইগো তুষ্ট করার জন্য গড়ে ওঠে এক তোয়াজের সাম্রাজ্য।
দ্বিতীয় পর্বে থাকবে সেই ধূর্ত ‘ডিভাইড অ্যান্ড রুল’ কৌশলের ব্যবচ্ছেদ, যা সহকর্মীদের মধ্যে অবিশ্বাসের বীজ বপন করে।
তৃতীয় পর্বে থাকছে সমপদমর্যাদার কর্মকর্তাদের মধ্যকার সেই ঠান্ডা লড়াইয়ের চিত্র। এবং শেষ পর্বে আমরা মুখোশের আড়ালে পেছনের ছুরি মারার সমাজতত্ত্ব নিয়ে আলোচনা করব। বিশেষজ্ঞদের অভিমত এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে সাজানো এই সিরিজটি, শুধু কর্মপরিবেশ নষ্টের কারণই নয়, বরং এই বিষাক্ত পরিবেশ থেকে বেরোনোর পথও খোঁজার চেষ্টা করবে। বিশেষ সিরিজ প্রতিবেদনটি শুরু হচ্ছে। প্রথম পর্ব শুরু হচ্ছে “তোয়াজের সাম্রাজ্য: যখন তেলের নিচে চাপা পড়ে মেধা”। সিরিজটি তৈরি করেছেন আজগর আলী।