Home জাতীয় প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের আকস্মিক মৃত্যুতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় বিষয়টি নিশ্চিত করেছে।
স্থগিতের আইনি কারণ
ইসি জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ১৭(১) উপধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করার বিধান রয়েছে। সেই আইন মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তীতে আসনটিতে নতুন তপশিল ঘোষণা করা হবে।
মৃত্যুর বিবরণ
শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও ১১ দলীয় জোটের প্রার্থী মো. নুরুজ্জামান বাদল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।
শোক প্রকাশ
নুরুজ্জামান বাদলের মৃত্যুতে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। জেলা জামায়াতের পক্ষ থেকেও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।