Home নির্বাচন সংসদ নির্বাচন: প্রার্থী ও এজেন্টদের যানবাহন চলাচলে ইসির কড়া নির্দেশনা

সংসদ নির্বাচন: প্রার্থী ও এজেন্টদের যানবাহন চলাচলে ইসির কড়া নির্দেশনা

কড়া নিরাপত্তায় ভোটকেন্দ্র: প্রার্থী ও নির্বাচনী এজেন্ট ছাড়া অন্যদের প্রবেশে মানা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাঁদের নির্বাচনী এজেন্টদের যানবাহন ব্যবহারের বিষয়ে বিশেষ নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা জানানো হয়।
ভোটগ্রহণের দিন শৃঙ্খলা বজায় রাখতে এবং যান চলাচল নিয়ন্ত্রণে কমিশন নিচের সিদ্ধান্তসমূহ গ্রহণ করেছে:
যানবাহন ব্যবহারের অনুমতি ও যাত্রী সীমা:
গাড়ি ব্যবহার: প্রার্থী এবং তাঁর নির্বাচনী এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট আকারের যানবাহন (জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি বা অটোরিকশা) ব্যবহার করতে পারবেন। চালকসহ একটি গাড়িতে সর্বোচ্চ ৫ জন আরোহী থাকতে পারবেন। প্রার্থীর নিরাপত্তার জন্য গানম্যান থাকলে তিনিও এই ৫ জনের অন্তর্ভুক্ত হবেন।
মোটরসাইকেল: যেসব এলাকায় গাড়ি চলাচল সম্ভব নয়, সেখানে প্রার্থী ও এজেন্ট প্রত্যেকে ২ টি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতি মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ ২ জন আরোহী থাকতে পারবেন।
নৌ-যান: নৌ-পথে চলাচলের ক্ষেত্রে প্রার্থী ও এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ ৫ জন আরোহীসহ (চালকসহ) একটি করে নৌ-যান ব্যবহার করতে পারবেন।
পরিচয়পত্র ও স্টিকার গ্রহণ:
যানবাহনে অবস্থানকারী ব্যক্তিরা (প্রার্থী, এজেন্ট বা গানম্যান ব্যতীত) সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট আবেদন করে নির্ধারিত ফরমে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। এছাড়া, প্রতিটি অনুমোদিত যানবাহনে রিটার্নিং অফিসার প্রদত্ত ‘স্টিকার’ দৃশ্যমান স্থানে প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে।
 প্রবেশাধিকার ও বিধি-নিষেধ:
কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, প্রার্থী বা নির্বাচনী এজেন্ট ব্যতীত তাঁদের সাথে থাকা অন্য কোনো ব্যক্তি ভোটকেন্দ্রের সীমানার ভেতরে প্রবেশ করতে পারবেন না।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।