বিজনেসটুডে২৪ প্রতিনিধি, দিনাজপুর: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
আদালত সূত্র জানায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার রাত ৮টার পর নির্ধারিত সময়সীমা অতিক্রম করে মাইক ব্যবহার করে নির্বাচনী পথসভা চালাচ্ছিলেন তিনি।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নির্ধারিত সময়ের বাইরে মাইক ব্যবহার নিষিদ্ধ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে এই জরিমানা করেন।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে এই আর্থিক জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।