Home First Lead চলন্ত মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ: চালকসহ নিহত ৩

চলন্ত মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ: চালকসহ নিহত ৩

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসকে সরিয়ে নেয়া হচ্ছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বগুড়া: ঢাকা-বগুড়া মহাসড়কে চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে চালকসহ মোট ৩ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৯ জন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে সেটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে ভেতরে থাকা যাত্রীদের বের হওয়ার সুযোগ ছিল খুবই সীমিত।
ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান মাইক্রোবাস চালক রিন্টু (৪৭)। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে শিউলী বেগম (৪৮) ও তায়েবা খাতুন (৩৫) নামে আরও দুই নারী মারা যান।
নিহত ৩ জন ছাড়াও এই দুর্ঘটনায় আরও ৯ জন গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। আহতরা হলেন:

শিশু ফাতেমা (১০) ও ফাতেমা (২) শহিদুল (৪০), তৌছিব (৩০), তারিকুল (৩৬) ও হামিম (৩০) তাসমিয়া (২০), হেলেনা (৬০) এবং শিশু আরহাম (৭)।

আহতদের উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, তারা দ্রুততম সময়ে আগুন নেভাতে সক্ষম হলেও তার আগেই চালকের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন বলেন, “হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে, ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”