Home কক্সবাজার বাবাকেও হারালেন প্যারোলে মুক্তি পাওয়া রামুর সেই দুই ভাই

বাবাকেও হারালেন প্যারোলে মুক্তি পাওয়া রামুর সেই দুই ভাই

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: রামুতে এক হৃদয়বিদারক ঘটনার অবতারণা হয়েছে। প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেওয়ার মাত্র দুই দিনের মাথায় না ফেরার দেশে চলে গেলেন দুই সহোদর ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইলের বাবা নুর আহমদ (৯০)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে এই দুই ভাইয়ের মা মোস্তফা বেগম (৮০) মৃত্যুবরণ করেন। রাজনৈতিক মামলায় প্রায় আড়াই মাস ধরে কারাগারে বন্দি ফরিদুল ও ইসমাইল মায়ের শেষ বিদায়ে অংশ নিতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। পুলিশি পাহারায় এবং হাতকড়া পরা অবস্থায় তারা মায়ের জানাজা ও দাফন সম্পন্ন করেন। দাফন শেষে তাদের পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইল নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। প্রায় আড়াই মাস আগে খুনিয়াপালং ইউনিয়নের একটি মামলায় তাদের আটক করা হয়।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান:
প্রথম মামলায় জামিন পাওয়ার পর দক্ষিণ মিঠাছড়ির একটি মামলায় তাদের পুনরায় গ্রেপ্তার দেখানো হয়।
সেই মামলায় জামিন হলে সবশেষ রামুর বিএনপি নেতা মাহিন চৌধুরীর করা মামলায় তাদের আবারও গ্রেপ্তার দেখানো হয়।
মায়ের শোক কাটিয়ে ওঠার আগেই বাবার মৃত্যুতে পরিবারটিতে এখন শোকের মাতম চলছে। আবারও প্যারোলে মুক্তি পেয়ে তারা বাবার জানাজায় অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে এলাকায় আলোচনা চলছে।

businesstoday24.com-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।