Home আন্তর্জাতিক প্রেমিকার বান্ধবীকে জীবনসঙ্গী করায় বিপাকে অ্যালিস্টার

প্রেমিকার বান্ধবীকে জীবনসঙ্গী করায় বিপাকে অ্যালিস্টার

স্পোর্টস ডেস্ক: কাতারের মাটিতে ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মহাকাব্যিক অধ্যায়ের পরপরই মাঠের বাইরের এক ভিন্ন ঝড়ে পড়েন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। দীর্ঘদিনের সঙ্গী কামিলা মায়ানের সঙ্গে আকস্মিক বিচ্ছেদ এবং পরবর্তীতে শুরু হওয়া আইনি জটিলতা এখন এই লিভারপুল তারকার ব্যক্তিজীবনকে টালমাটাল করে তুলেছে। পাঁচ বছরের গভীর সম্পর্কের ইতি টানার প্রায় দুই বছর পর, এবার সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন মায়ান।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২৫ বছর বয়সী ম্যাক অ্যালিস্টারের পেশাদার ফুটবল ক্যারিয়ারের স্বার্থে মায়ান নিজের জীবন গুছিয়ে আর্জেন্টিনার বাইরে প্রায় তিন বছর কাটিয়েছিলেন। এই দীর্ঘ ত্যাগের বিনিময়ে তিনি এখন উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণের দাবি তুলেছেন। শুধু তাই নয়, বিচ্ছেদের পর নিজের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিগত জিনিসপত্র আটকে রাখার গুরুতর অভিযোগও এনেছেন মায়ান। তবে এই আইনি লড়াইয়ের পেছনে কেবল আর্থিক লেনদেন নয়, জড়িয়ে আছে এক চরম বিশ্বাসভঙ্গের গল্পও।
মায়ানের দাবি, তার নিজেরই এক ঘনিষ্ঠ বান্ধবী আইলেন কোভার সঙ্গে গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অ্যালিস্টার, এবং সেই নতুন সম্পর্কের জের ধরেই আকস্মিক ও একতরফাভাবে তাদের পাঁচ বছরের পুরনো সম্পর্কটি ভেঙে দেওয়া হয়। কাকতালীয় বিষয় হলো, বর্তমানে সেই আইলেন কোভার সঙ্গেই লিভিং সম্পর্কে রয়েছেন এই আর্জেন্টাইন ফুটবলার।
এইসব অভিযোগ অবশ্য পুরোপুরি অস্বীকার করেছেন ম্যাক অ্যালিস্টার। সম্প্রতি জাতীয় দল আর্জেন্টিনার হয়ে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন। অ্যালিস্টার অত্যন্ত সংক্ষিপ্ত ও পেশাদার ভঙ্গিতে বলেন, আমাদের মধ্যকার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। সে তার নিজের পথ বেছে নিয়েছে, আমি হেঁটেছি আমার পথে।
মামলার বিষয়টি এখন সম্পূর্ণ আদালতের এক্তিয়ারভুক্ত এবং সেখানেই সবকিছুর আইনি নিষ্পত্তি হবে। সে কেবল তার আইনি অধিকারটুকু প্রয়োগ করার চেষ্টা করছে।
এই কাদা ছোড়াছুড়ির মাঝে কামিলা মায়ানের আইনজীবী ইগনাসিও ত্রিমার্কো গণমাধ্যমকে জানিয়েছেন, তার মক্কেল কখনোই ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন ও বিচ্ছেদের খবর জনসমক্ষে এনে সস্তা আলোচনা তৈরি করতে চাননি। বরং ম্যাক অ্যালিস্টারের পক্ষের উদাসীনতা ও আচরণের কারণেই বিষয়টি শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে রূপ নিয়েছে এবং প্রকাশ্যে এসেছে।
অন্যদিকে ছেলের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন ম্যাক অ্যালিস্টারের মা সিলভিনা রিয়েলা। তিনি সংবাদমাধ্যমকে জানান, তারা দেশের প্রচলিত আইনি প্রক্রিয়ার ওপর পূর্ণ আস্থা রাখছেন এবং আদালত থেকে সঠিক ও ন্যায়বিচার পাবেন বলেই তাদের প্রত্যাশা।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পরপরই ব্রাইটন ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাব লিভারপুলে যোগ দিয়ে মাঠের পারফরম্যান্সে নিয়মিত আলো ছড়াচ্ছেন এই মিডফিল্ডার। তবে অ্যানফিল্ডের সবুজ ঘাসে তার পায়ের জাদু সচল থাকলেও, মাঠের বাইরের এই আইনি জটিলতা এবং সাবেক প্রেমিকার আনা প্রতারণার অভিযোগ ফুটবল পাড়ায় অ্যালিস্টারের ইমেজকে প্রতিনিয়ত প্রশ্নের মুখে ফেলছে।
Visit www.businesstoday24.com