বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি অভিযোগ করেছেন, বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচন করার মতো জনআস্থা ও রাজনৈতিক বিশ্বাস হারিয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কমিশনের পক্ষপাত ও শঙ্কা
আসিফ মাহমুদ বলেন, “একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল, নির্বাচন কমিশন তা হারিয়েছে। যদি এভাবে কার্যক্রম চলতে থাকে, তবে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন সম্ভব হবে না বলে আমরা শঙ্কা প্রকাশ করছি।”
ইসির প্রতি দলটির আর কোনো বিশ্বাস নেই উল্লেখ করে তিনি জানান, এই পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়া হবে কি না, তা নতুন করে ভাবার সময় এসেছে।
আপিল শুনানিতে অনিয়মের অভিযোগ
নির্বাচন প্রক্রিয়ায় অসঙ্গতির অভিযোগ তুলে এনসিপি নেতা বলেন, “আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি যে—দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি বা ঋণখেলাপির গ্যারান্টারদের অনেককে ছাড় দেওয়া হয়েছে।” এছাড়া নির্বাচন ভবনে আপিল শুনানির পরিবেশ নিয়েও তিনি তীব্র সমালোচনা করেন।
ছাত্রদলের কর্মসূচিকে ‘নাটক’ আখ্যা
একই দিনে ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচিকে ‘নাটক’ হিসেবে অভিহিত করেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, “আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে, যখন আপিল শুনানির শেষ দিন, তখন ছাত্রদলের ২-৩ হাজার নেতাকর্মী সেখানে মব সৃষ্টি করে একটি কৃত্রিম চাপ (External Pressure) তৈরির চেষ্টা করেছে।”
তিনি আরও অভিযোগ করেন, “কমিশনাররা ১৫ মিনিটের কথা বলে বিএনপির একদল নেতার সঙ্গে দেড় ঘণ্টা আলোচনা করেছেন। রায়ের পূর্বমুহূর্তে বিচারক যখন অভিযুক্ত পক্ষের সঙ্গে বসে আলোচনা করেন, সেই রায় কখনোই নিরপেক্ষ হতে পারে না। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি অশনি সংকেত।”
জাতীয় নাগরিক পার্টির এই অবস্থান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।