Home Second Lead চট্টগ্রামে এনসিপিতে যোগ দিচ্ছেন দেড় শতাধিক নেতা-কর্মী

চট্টগ্রামে এনসিপিতে যোগ দিচ্ছেন দেড় শতাধিক নেতা-কর্মী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের আভাস দিয়ে বড় ধরনের দলবদলের ঘটনা ঘটতে যাচ্ছে। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের অন্তত দেড় শতাধিক নেতা-কর্মী এবার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। এই যোগদানকে কেন্দ্র করে বন্দরনগরীর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
প্রেস ক্লাবে বিশেষ অনুষ্ঠান
আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এই আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানের আয়োজন করেছে এনসিপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এত বিপুল সংখ্যক নেতা-কর্মীর অন্তর্ভুক্তি দলটির সাংগঠনিক ভিতকে আরও শক্তিশালী ও বেগবান করবে।
উপস্থিত থাকবেন শীর্ষ নেতৃবৃন্দ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি নবাগত নেতা-কর্মীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। বিশেষ অতিথি হিসেবে কুমিল্লার সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং নোয়াখালীর সংসদ সদস্য ও দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ উপস্থিত থাকার কথা রয়েছে।
কারা আসছেন এনসিপিতে?
দলীয় সূত্রমতে, বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, আপ বাংলাদেশ ও জুলাই ওয়ারিয়র্সসহ বিভিন্ন দলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা এনসিপিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। রাজনৈতিক কর্মীর পাশাপাশি তরুণ আইনজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ ও চিকিৎসকসহ বিভিন্ন পেশাজীবীরাও এই তালিকায় রয়েছেন।
সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। তার এনসিপিতে যোগ দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন থাকলেও দলটির পক্ষ থেকে সরাসরি নিশ্চিত করা হয়নি। তবে এনসিপির চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক মো. জোবাইরুল হাসান আরিফ জানান, সাবেক মেয়র মনজুর আলমকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগরের সিনিয়র সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, “এনসিপিতে এখন সুবাতাস বইছে। সমাজের সব স্তরের মানুষ আমাদের দলের দিকে ঝুঁকছে। আমরা তাদের বরণ করে নিতে প্রস্তুত।”
নতুন এই রাজনৈতিক শক্তি চট্টগ্রামের স্থানীয় রাজনীতিতে কতটুকু প্রভাব বিস্তার করতে পারে, তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।
ভিজিট করুন: businesstoday24.com