বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা মেরামতের সময় বিস্ফোরণে এক টেকনিশিয়ান নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রুম্মান আহমদ (২৩)। তিনি সিলেট মহানগরীর টিলাপাড়া এলাকার বাসিন্দা এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে বিমানবন্দরে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। আহত অপর টেকনিশিয়ানের নাম এনামুল (২৫), যিনি সিলেট সদর উপজেলার মহালদিগ গ্রামের বাসিন্দা।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, বোর্ডিং ব্রিজের সিঁড়ির একটি চাকায় রুটিন রক্ষণাবেক্ষণ কাজ চলছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে নিয়োজিত কর্মীরা ওই কাজ করছিলেন। এ সময় হঠাৎ চাকাটি বিস্ফোরিত হলে দুজন কর্মী গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
দুপুরে আহত অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয় রুম্মানকে। তবে বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাগীব-রাবেয়া হাসপাতালের উপ-পরিচালক ডা. আশরাফ আহমদ। আহত এনামুল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বিমানবন্দর পরিচালক আরও বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এটি ছিল একটি রুটিন মেরামতের কাজ। বিমান বা অবকাঠামোতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
এদিকে, তরুণ শ্রমিক রুম্মানের আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে নিরাপত্তাজনিত অব্যবস্থাপনা ও মানসম্মত সরঞ্জামের অভাব নিয়ে প্রশ্ন উঠলেও কার্যকর পদক্ষেপ ছিল না বলেও অভিযোগ করেছেন অনেকে।
প্রতিবেদনে উঠে এসেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে থাকা কর্মীদের নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যাপ্ত ছিল কি না, সেটি নিয়েও তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, ঘটনার যথাযথ কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ অনুসন্ধান চালানো হবে এবং ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা এড়ানো যায়, সে ব্যবস্থা নেওয়া হবে।










