বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর নিয়ে আসছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী দুই মাসের মধ্যেই বাংলাদেশের জন্য নতুন করে ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস দিয়েছে ওমান সরকার।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ‘গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স’-এর সাইডলাইন বৈঠকে এই ইতিবাচক ঘোষণা আসে। অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদির মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থগিতাদেশ প্রত্যাহারের আশ্বাস
বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী জানান, দেশটিতে অবস্থানরত অনিয়মিত ও নথিহীন প্রবাসীদের নিয়মিত করার প্রক্রিয়াকে গতিশীল করতে ২০২৩ সাল থেকে সাময়িকভাবে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের ভিসা স্থগিত রাখা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি পর্যালোচনা করে আগামী দুই মাসের মধ্যে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
দক্ষ জনশক্তি রপ্তানিতে জোর
বৈঠকে ড. আসিফ নজরুল ওমানে অবস্থানরত অনিয়মিত কর্মীদের জরিমানা ছাড়াই বৈধ করার সুযোগ দেওয়ার জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি বাংলাদেশি প্রকৌশলী, চিকিৎসক ও নার্সদের মতো দক্ষ কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করতে সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে তিনি অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের ওপর আরোপিত স্থগিতাদেশ পুনর্বিবেচনার জোরালো অনুরোধ জানান।
অভিবাসন খাতে সংস্কার ও নতুন উদ্যোগ
উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকে অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। এর মধ্যে রয়েছে:
অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি।
কর্মী পাঠানোর আগে কঠোরভাবে দক্ষতা যাচাই।
গন্তব্য দেশের ভাষা, সংস্কৃতি ও আইন সম্পর্কে প্রাক-বহির্গমন প্রশিক্ষণ।
ভবিষ্যৎ পরিকল্পনা
দ্বিপক্ষীয় সম্পর্ক ও শ্রম সহযোগিতা আরও সুসংহত করতে চলতি বছরের প্রথমার্ধেই মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) পরবর্তী অধিবেশন আহ্বানের প্রস্তাব দিয়েছেন উপদেষ্টা। এছাড়া, শ্রম সহযোগিতা সংক্রান্ত চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত স্বাক্ষরের জন্য ওমানের শ্রমমন্ত্রীকে আহ্বান জানান তিনি।