Home চট্টগ্রাম সন্দ্বীপের তারেকের স্বপ্ন কেড়ে নিল বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা

সন্দ্বীপের তারেকের স্বপ্ন কেড়ে নিল বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা

মোহাম্মদ তারেক
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: পারিবারিক অভাব মেটাতে দীর্ঘ ২৭ বছর প্রবাসে কাটিয়েছেন সন্দ্বীপের মোহাম্মদ তারেক (৪৮)। মেয়ের আবদার আর পরিবারের সচ্ছলতার জন্য হাড়ভাঙা খাটুনি শেষে এবার ২৫ রমজানে স্থায়ীভাবে দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা নিভিয়ে দিল তার জীবনের প্রদীপ।
গতকাল ভোরে বাহরাইনের রাজধানী মানামার আলহিদ ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিরত অবস্থায় হামলার শিকার হয়ে তিনি প্রাণ হারান।
পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার বিকেলেও আদরের মেয়ে তামান্নার সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন তারেক। হাসিমুখে জানিয়েছিলেন, আর মাত্র কয়েকটা দিন, এরপরই চিরতরে দেশে ফিরবেন। ২০২৪ সালের জানুয়ারিতে শেষবার বাড়িতে এসেছিলেন তিনি।
এবারের জানুয়ারিতেই ফেরার কথা থাকলেও রোজা ও কোরবানির ঈদ পরিবারের সঙ্গে করার আশায় ফেরাটা পিছিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই কণ্ঠ এখন চিরতরে স্তব্ধ।
স্থানীয়রা জানান, তারেক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার একমাত্র মেয়ে বর্তমানে কলেজে অধ্যয়নরত। বাবার মৃত্যুর খবর শোনার পর থেকে তামান্নার কান্না থামছে না।
তিনি বিলাপ করে বলছেন, “রোববার বিকেলেও বাবার সাথে কথা হলো, আর আজ বাবা নেই—এটা বিশ্বাস করতে পারছি না।”
নিহতের মামাতো ভাই ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডিএমডি মোশারফ হোসেন নিশ্চিত করেছেন যে, ২৫ রোজায় তারেকের দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন ছিল।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র হামলায় মোহাম্মদ তারেক নিহত হওয়ার পাশাপাশি আরও দুজন বাংলাদেশি আহত হয়েছেন। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। আহতদের একজনও সন্দ্বীপের। মুছাপুর এলাকার নাজিম উদ্দিন (৪০)।
সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের এই প্রবাসীর মৃত্যুতে এলাকায় এখন শোকের মাতম চলছে।

businesstoday24.com এভাবে ফলো করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান।