Home চট্টগ্রাম ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন: খাতুনগঞ্জে আবু সুফিয়ান

ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন: খাতুনগঞ্জে আবু সুফিয়ান

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: দেশের প্রধান ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাতুনগঞ্জে ‘চলমান বাণিজ্যিক সংকট উত্তরণ ও স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে করণীয়’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-০৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি ব্যবসায়ী সমাজের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
সংকট নিরসনে ব্যবসায়ীদের আহ্বান:
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ব্যবসায়ীরা বর্তমান বাজার পরিস্থিতির নানা দিক তুলে ধরেন। সাধারণ সম্পাদক আমিনুর রহমান-এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু এবং ইসমাঈল বালি।
বক্তারা বলেন, খাতুনগঞ্জ দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হওয়া সত্ত্বেও দীর্ঘকাল ধরে অবকাঠামোগত উন্নয়ন, যানজট এবং বিনিয়োগের স্থিতিশীল পরিবেশের অভাবে ধুঁকছে। ব্যবসায়িক লেনদেনে জটিলতা ও বাজার তদারকির নামে হয়রানি বন্ধ করে একটি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “খাতুনগঞ্জের ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মেরুদণ্ড। চলমান বাণিজ্যিক সংকট নিরসনে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। আমরা একটি বৈষম্যহীন ও স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে ব্যবসায়ীরা নির্ভয়ে বিনিয়োগ করতে পারবেন এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে অবদান রাখতে পারবেন।”
সভায় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আহমদ রশীদ আমু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী এবং কার্যনির্বাহী সদস্য এস.এম. সেলিম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়াও সংগঠনের সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ, মীর মো. সাজ্জাদ উল্লাহ, আইন বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন এবং দপ্তর সম্পাদক মো. আকবর আলীসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
অন্য বক্তাদের মধ্যে ছিলেন প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক ফরিদুল আলম, আশুতোষ মহাজন, মো. রাশেদ আলী, হাজী আবুল কাশেম, পরিতোষ দে, সৈয়দ সাব্বির আহমেদ, জাবেদ ইকবাল প্রমুখ।
উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ একমত পোষণ করেন যে, চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানী হিসেবে মর্যাদা ধরে রাখতে হলে খাতুনগঞ্জের ঐতিহ্য রক্ষা এবং একে আধুনিক বাণিজ্য কেন্দ্রে রূপান্তর করা সময়ের দাবি।