বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানব পাচারের একটি বড় প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (২৯ নভেম্বর) ভোরে কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে সাতজন দালালকে আটক এবং পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিপুলসংখ্যক মানুষকে বোটে তুলে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল শামুক বিচসংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড স্টেশন শাহপরী, টেকনাফ, ইনানী এবং বাহারছড়া আউটপোস্টের সদস্যরা এই যৌথ অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে পাচারকারীরা তা অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে গাদাগাদি অবস্থায় থাকা ৩১৭ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং চক্রের সাত সদস্যকে হেফাজতে নেওয়া হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে কোস্ট গার্ড জানায়, কয়েকটি সংঘবদ্ধ চক্র উন্নত জীবন, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজার, টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করত। পরবর্তীতে তাদের অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করা হতো।
উদ্ধার হওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জব্দ করা বোট ও আটক সাত পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
সর্বশেষ সংবাদ, বিশ্লেষণ ও আপডেট পেতে businesstoday24.com ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে মন্তব্য করুন।










