বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী ছিলেন না, বরং তিনি ছিলেন আধিপত্যবাদ ও স্বৈরাচারবিরোধী লড়াইয়ের এক জীবন্ত প্রতীক। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কোনো শক্তির কাছে মাথা নত করেননি। আপসহীনতার যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা দেশ ও জাতির জন্য এক বড় উপহার এবং জাতীয়তাবাদী শক্তির প্রধান দায়িত্ব হলো এই আদর্শকে ধরে রাখা।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর ৩৮, ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এই সভায় আমীর খসরু আরও বলেন, বেগম জিয়ার মৃত্যুতে পুরো জাতি আজ গভীরভাবে শোকাহত। দীর্ঘ সময় ধরে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন, সংকটকালে সাহস জুগিয়েছেন এবং আমাদের শিখিয়েছেন কীভাবে অন্যায়ের সাথে আপস না করে টিকে থাকতে হয়।
তিনি আক্ষেপ করে বলেন, তৎকালীন সরকারের কাছ থেকে চাইলে তিনি অনেক সুযোগ-সুবিধা কিংবা উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। কিন্তু আদর্শের প্রশ্নে অটল থেকে তিনি সব প্রলোভন ও সুবিধা প্রত্যাখ্যান করেছেন। তার এই ত্যাগই তাকে গণতন্ত্রের মা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
নগরীর ৩৮ নম্বর দক্ষিণ মধ্য হালিশহর কলসি দিঘীরপাড় মসজিদ, ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বারিক মিয়া স্কুল মাঠ এবং ৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ডের স্থানীয় এলাকায় এই কর্মসূচিগুলো পালিত হয়। তিনটি সভাতেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।










