Home সারাদেশ স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, ৪ জন আটক

স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, ৪ জন আটক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুমিল্লা:  চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে এক গৃহবধূকে (২৭) তার স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (৩ মে) দিবাগত রাতে উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত চারজনকে ইতিমধ্যে আটক করেছে।
আটককৃতরা হলেন— উপজেলার মাদারপুর গ্রামের মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের মেহেদী হাসান তারেক (২৪), মো. আরিফ (৩৪) ও মো. ইসমাইল (৩৭)। তারা সবাই স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া উপজেলা সদর থেকে আসা এক দম্পতি রাত ৯টার দিকে একটি অটোরিকশাযোগে মাদারপুর গ্রামে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে কামারখোলা গ্রামে অটোরিকশার চার্জ শেষ হয়ে গেলে তারা হেঁটে রওনা দেন। এসময় মোটরসাইকেলে আসা তিন যুবক তাদের পথরোধ করে। পরে তারা আরও দুজনকে ডেকে এনে স্বামীকে দূরে সরিয়ে দেয় এবং গৃহবধূকে জোরপূর্বক নিকটস্থ একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
ভুক্তভোগী নারীর স্বামী জানান, দুর্বৃত্তরা তার স্ত্রীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার পর তিনি দ্রুত ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে। ভুক্তভোগী নারী কান্নায় ভেঙে পড়ে জানান, তিনি অনেক কাকুতি-মিনতি করলেও অপরাধীরা শোনেনি।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, এই চক্রে মোট পাঁচজন জড়িত ছিল। তাদের মধ্যে চারজনকে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে আটক করতে সক্ষম হয়েছে।
ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন এবং তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 businesstoday24.com ফলো করুন এবং আপনার মন্তব্য জানান।