বিজনেসটুডে২৪ প্রতিনিধি চট্টগ্রাম: জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে যারা শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, তাদেরই একজন আজ নিজ ক্যাম্পাসে ধরা পড়লেন শিক্ষার্থীদের হাতে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মাহমুদ রোমান।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আজ ভর্তি পরীক্ষার ডিউটি করতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। অভিযোগের পাহাড় তার বিরুদ্ধে—গণতান্ত্রিক আন্দোলনকারীদের ‘জঙ্গি’ অপবাদ দেওয়া থেকে শুরু করে জুলাইয়ের গণহত্যায় উস্কানি। আজ যখন তিনি পরীক্ষার হল থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছিলেন, তখন সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি ‘চাকসু’ নেতারা তাকে ধরে নিয়ে যান প্রক্টর অফিসে।
ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের দাবি, জুলাইয়ের রক্তের সাথে যারা বেইমানি করেছে, তাদের জায়গা আর এই পবিত্র বিদ্যাপীঠে হবে না। এখন দেখার বিষয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে।