বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রংপুর: জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার সন্ধ্যায় রংপুর নগরীর পর্যটন মেট্রোর হলরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন, “ফেব্রুয়ারির মধ্যেই যেন নির্বাচন হয়, সে জন্য সব পক্ষকেই কাজ করতে হবে। তবে পতিত শক্তি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। যদি ক্ষমতার লোভে কোনো দল মনে করে তারা এককভাবেই সব কিছু করবে, বা জাতীয় ঐক্য ভেঙে দেবে, তাহলে হিতে বিপরীত হবে। সংসদ টেকানো কঠিন হবে এবং জনগণের আস্থা হারাতে হবে।”
নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ শুধু একটি রাজনৈতিক দলীয় প্রস্তাব নয়, এটি জনগণের মুক্তির দলিল। এই সনদ বাস্তবায়ন ছাড়া দেশের গণতন্ত্র পূর্ণতা পাবে না।” তিনি জানান, তারা শুনেছেন ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেওয়া হবে।
তিনি বলেন, “আমরা চাই, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে বা কমিশন যেসব বিষয়কে সংবিধান সংস্কারের জন্য লিপিবদ্ধ করেছে, সেসব বিষয় গণভোটে যাক। জনগণই রায় দেবে, কী থাকবে আর কী বদলাবে। নোট অব ডিসেন্ট বলে কোনো কিছু থাকবে না। সংস্কারের রূপরেখা জনগণের হাতে যাবে, তারাই সিদ্ধান্ত নেবে। গণভোট ছাড়া কোনো সনদ বাস্তবায়ন মানে জনগণের মতামত উপেক্ষা করা।”
এ সময় তিনি উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা ঘোষণা করতে হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেই। “গণভোটের মাধ্যমেই জুলাই সনদ অনুমোদিত হবে এবং এই আদেশ জারি করবেন ড. মুহাম্মদ ইউনূস। সংস্কারের ভিত্তি হবে জনগণের অংশগ্রহণ ও গণসম্মতি।”
নাহিদ ইসলাম আরও বলেন, “গণহত্যার বিচার না হলে ফেব্রুয়ারির নির্বাচনের কোনো অর্থ নেই। এই বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজন কেবলই আনুষ্ঠানিকতা, কাগজের সাইন, যার মূল্য কেবলই কাগজে।”
তিনি স্মরণ করিয়ে দেন, নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর ত্রিদলীয় রূপরেখা জনগণের রক্তের ত্যাগকে ভুলে গিয়ে কেবল ক্ষমতায় যাওয়ার পথ হিসেবে ব্যবহার করা হয়েছিল। “আমরা সেই ভুল আর করব না,” বলেন তিনি।










