রামেশ ভট্টরায়, কাঠমান্ডু: বৃহস্পতিবার অনুষ্ঠিত নেপালের সংসদীয় নির্বাচনের ভোট গণনা বর্তমানে চলমান। প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬৫টি সরাসরি নির্বাচনী আসনের (FPTP) মধ্যে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ব্যাপক আধিপত্য বিস্তার করে ৯৫টি আসনে এগিয়ে রয়েছে। আরএসপি’র এই অভাবনীয় উত্থান দেশটির প্রথাগত রাজনৈতিক শক্তিগুলোকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
নেপালের সাম্প্রতিক সাধারণ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে এটি স্পষ্ট যে, জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনের উত্তাপ সরাসরি ব্যালট বাক্সে প্রতিফলিত হয়েছে। প্রথাগত রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের আধিপত্য ভেঙে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)-র এই বিশাল জয়জয়কার মূলত তরুণ প্রজন্মের রাজনৈতিক আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নেপালে যে গণজাগরণ বা জেন-জি আন্দোলনের সূত্রপাত হয়েছিল, তার মূল লক্ষ্য ছিল দুর্নীতিমুক্ত প্রশাসন, জবাবদিহিতা এবং বয়োজ্যেষ্ঠ নেতৃত্বের কবল থেকে রাষ্ট্রকে মুক্ত করা। এবারের নির্বাচনী ফলাফলে সেই জনমতের প্রতিফলন দৃশ্যমান।
প্রধান দলগুলোর অবস্থান:
- রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ৯৫ টি আসনে এগিয়ে
- নেপালি কংগ্রেস: ১টি আসনে জয়ী এবং১০টিতে এগিয়ে আছে।
- সিপিএন-ইউএমএল: ৯টি আসনে এগিয়ে আছে।
- নেপাল কমিউনিস্ট পার্টি: ৮টি আসনে এগিয়ে আছে।
- রাষ্ট্রীয় প্রজাসন্ত্র পার্টি এবং শ্রম সংস্কৃতি পার্টি: ১টি করে আসনে এগিয়ে আছে।










