Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ড: অভিযুক্ত রুমমেট আদালতে হাজির, জামিন নামঞ্জুর

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ড: অভিযুক্ত রুমমেট আদালতে হাজির, জামিন নামঞ্জুর

সংগৃহীত ছবি

আদালতে সহপাঠীদের শোকাবহ উপস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত হিশাম আবুগারবিয়াকে (২৬) আদালতে হাজির করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডার একটি আদালতে শুনানিকালে বিচারক তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত হিশামের বিরুদ্ধে জোড়া হত্যাকাণ্ড, অবৈধভাবে মরদেহের অংশ বিশেষ সংরক্ষণ এবং তথ্য-প্রমাণ নষ্ট করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। হিলসবরো কাউন্টির স্টেট অ্যাটর্নি সুসান লোপেজ জানান, মামলাটি এখন গ্র্যান্ড জুরির সামনে তোলা হবে। পরবর্তী প্রক্রিয়ায় প্রসিকিউশন আসামির মৃত্যুদণ্ড চাইবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শুনানিকালে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বহু বাংলাদেশি শিক্ষার্থী ও ভুক্তভোগীদের বন্ধুরা উপস্থিত ছিলেন। সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নিহতদের সহপাঠী সালমান সাদিক শুভ ও রিফাতুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, দেশ থেকে ৮ হাজার মাইল দূরে ফ্লোরিডার এই ক্যাম্পাসটিই ছিল তাদের কাছে একটি পরিবার। লিমন ও বৃষ্টির মতো মেধাবী ও বিনয়ী সহপাঠীদের হারিয়ে তারা গভীরভাবে মর্মাহত।
রিফাতুল ইসলাম বলেন, “আমরা এখানকার আইনি ব্যবস্থার ওপর আস্থাশীল এবং এই নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রত্যাশা করছি।” ক্যাম্পাসের বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিএসএ) প্রতিনিধি হাসিব সৌরভ জানান, ইসলামি রীতিতে লিমনের মরদেহ সংরক্ষণের জন্য তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তা নিয়ে কাজ করছেন।
নিহত জামিল লিমনের রুমমেট ছিলেন অভিযুক্ত হিশাম আবুগারবিয়া। গত ১৬ এপ্রিল একই দিনে লিমন ও বৃষ্টি নিখোঁজ হন। নিখোঁজের কয়েক দিন পর গত শুক্রবার পুলিশ লিমনের মরদেহ উদ্ধার করে। এর দুদিন পর রোববার টম্পা বে অঞ্চলের পিনেলাস কাউন্টিতে মানবদেহের কিছু অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওই অংশগুলো নিখোঁজ নাহিদা বৃষ্টির কি না, তা নিশ্চিতে ফরেনসিক পরীক্ষা চলছে।
ঘটনাটি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া ফেলেছে। আসামিপক্ষের আইনজীবী এই মুহূর্তে সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও খবরের জন্য businesstoday24.com ফলো করুন